
দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা গতকাল সোমবার সকালে হঠাৎ এসে হাজির জনতা ব্যাংকে। ব্যাংকটির চেয়ারম্যান শেখ মো. ওয়াহিদ-উজ-জামানকে বিভিন্ন ঋণ অনিয়মের বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন তাঁরা। এ সময়ে ব্যাংকটিতে প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়।
ব্যাংকে এসে জিজ্ঞাসাবাদের ঘটনা এটাই সাম্প্রতিক সময়ে প্রথম। এ কারণে মতিঝিলের ব্যাংকপাড়ায় এ নিয়ে ছিল বাড়তি আলোচনা।
ব্যাংকের কর্মকর্তা ছাড়া গতকাল কোনো গ্রাহক, সাংবাদিককে প্রবেশ করতে দেওয়া হয়নি। বেলা আড়াইটা পর্যন্ত চলে এই জিজ্ঞাসাবাদ। এতে ভোগান্তিতে পড়তে হয় গ্রাহকদের। ঘটনাস্থলে উপস্থিত থেকে এ চিত্র দেখা গেছে।
জানতে চাইলে জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুস সালাম প্রথম আলোকে বলেন, ‘আগের কিছু ঋণ নিয়ে দুদকের কর্মকর্তারা কথা বলতে এসেছিলেন। এ কারণে সকাল থেকে টেলিভিশন ক্যামেরার ভিড় জমে যায়। ফলে নিরাপত্তা কিছুটা কড়াকড়ি করা হয়। তবে গ্রাহকদের কোনো সমস্যা হয়েছে বলে শুনিনি।’
ঘটনাস্থলে উপস্থিত থেকে দেখা গেছে, যে কেউ ব্যাংকের ভেতরে প্রবেশ করতে চাইলে নিরাপত্তা কর্মকর্তা তাঁদের বাধা দিচ্ছেন। শুধু ব্যাংকের চেয়ারম্যানের সহকারীর কাছ থেকে অনুমতি পেলে ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে বলে জানান নিরাপত্তাকর্মীরা। এ সময়ে ব্যাংকটির প্রধান কার্যালয়ে আসা অনেক গ্রাহককেও অপেক্ষা করতে দেখা যায়।
পোশাক কারখানার কর্মকর্তা শফিকুল ইসলামকে দেখা যায় অপেক্ষা করতে। তিনি অভিযোগ করে বলেন, ‘আমরা চাকরি করি। অফিসের কাজে ব্যাংকে পাঠিয়েছে। কিন্তু এসে দেখি, প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। অফিস তো আর বুঝবে না যে সময়মতো ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি।’
পরে বেলা আড়াইটার দিকে দুদকের কর্মকর্তারা চলে গেলে উঠিয়ে নেওয়া হয় বাড়তি নিরাপত্তাব্যবস্থা।
মূলত জনতা ব্যাংকের প্রায় ৮৫০ কোটি টাকা ঋণের অনিয়মের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবেই ব্যাংকটির চেয়ারম্যানের বক্তব্য শুনেছে দুদক।
দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন ও উপপরিচালক সামসুল আলমের নেতৃত্বে সংস্থার একটি দল জনতা ব্যাংকের প্রধান কার্যালয়ে গিয়ে প্রায় দুই ঘণ্টা শেখ ওয়াহিদ-উজ-জামানের বক্তব্য শোনে।
দুদক সূত্র বলেছে, এম এইচ গোল্ডেন জুট মিলস লিমিটেডসহ আটটি প্রতিষ্ঠানকে ৮৫৭ কোটি ৪৩ লাখ টাকা ঋণের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ ওঠে। চলতি বছরের জুন মাসে অভিযোগটি অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়ে উপপরিচালক সামসুল আলমকে অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ দেয় দুদক। দুদকে থাকা তথ্যমতে, ২০১৩ থেকে ২০১৪ সালের মধ্যে অনিয়মের ঘটনাগুলো ঘটে। কিন্তু শেখ ওয়াহিদ-উজ-জামান জনতা ব্যাংকের চেয়ারম্যান পদে যোগ দেন ২০১৪ সালের ৮ ডিসেম্বর। এর আগে তিনি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ছিলেন।