রিহ্যাবের রজতজয়ন্তী অনুষ্ঠানে রাষ্ট্রপতি আবদুল হামিদ
যত্রতত্র বাড়িঘর নির্মাণ করে কৃষিজমি নষ্টের সুযোগ নেই

যত্রতত্র বাড়িঘর নির্মাণ করে কৃষিজমি নষ্ট করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি বলেছেন, বিপুল জনসংখ্যার খাদ্যচাহিদাসহ অবকাঠামো নির্মাণ ও শিল্পকারখানা স্থাপনে প্রচুর জমি ব্যবহৃত হচ্ছে। এসব কারণে প্রতিদিনই কৃষিজমির পরিমাণ কমছে। কাজেই জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে।
রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, ‘আবাসন প্রকল্প গ্রহণের আগে যথাযথ পরিকল্পনা নিতে হবে ও পরিকল্পিত উপায়ে বাড়িঘর নির্মাণ করতে হবে। একতলা বা দোতলা বাড়ির পরিবর্তে বহুতল ভবন নির্মাণে অগ্রাধিকার দিতে হবে।’
দেশের আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) রজতজয়ন্তী উদ্যাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি আবদুল হামিদ এসব কথা বলেন। রাজধানীর সোনারগাঁও হোটেলে গতকাল বৃহস্পতিবার বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গৃহায়ণমন্ত্রী মোশাররফ হোসেন, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ, রিহ্যাবের সভাপতি আলমগীর শামসুল আলামিন, সহসভাপতি নুরুন্নবী চৌধুরী প্রমুখ।
রাষ্ট্রপতি আবদুল হামিদ ক্রেতাদের স্বার্থ সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। আবাসন ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, বেশির ভাগ ক্রেতাই জীবনের সর্বস্ব দিয়ে একটি প্লট বা ফ্ল্যাট ক্রয় করেন। তাই গ্রাহকেরা যাতে আবাসনের ব্যবস্থা করতে গিয়ে কোনো ধরনের হয়রানির শিকার না হন তা নিশ্চিত করতে হবে। ভবন নির্মাণের ক্ষেত্রে সর্বোচ্চ গুণগতমান নিশ্চিত করতে হবে। অতি মুনাফা লাভের আশায় কোনোভাবেই গুণগত মানের ব্যাপারে আপস করা যাবে না।
রাষ্ট্রপতি আরও বলেন, প্রকল্প নেওয়ার সময় নিম্ন ও মধ্য আয়ের গ্রাহকের ক্রয়ক্ষমতা বিবেচনায় রাখতে হবে। অন্যায়ভাবে সরকারি জমি বা অন্যের জমি জোর করে দখল করে হাউজিং প্রকল্প বাস্তবায়নের সংবাদ আজকাল প্রায়ই পত্রপত্রিকায় দেখা যায়। এতে গোটা আবাসন খাতের ব্যাপারে নেতিবাচক ধারণা জন্মে।
রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, ‘ঢাকা শহরে জমির সীমাবদ্ধতা আছে। তাই শুধু ঢাকা শহরে প্রকল্প না করে দেশের অন্যান্য শহরে প্রকল্প গ্রহণ করার জন্য আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। ঢাকার জনসংখ্যার চাপ কমাতে হলে এই শহর বৃদ্ধি করা ছাড়া বিকল্প কোনো পথ নেই।’
আবাসন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে পরিবেশের বিষয়টি গুরুত্বের সঙ্গে নিতে বলেছেন রাষ্ট্রপতি। তিনি বলেন, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে অনেক খাল-বিল, নদ-নদী ভরাট করে অপরিকল্পিতভাবে বসতবাড়ি নির্মাণ করা হয়েছে। ফলে পরিবেশ দিন দিন হুমকির মুখে পড়েছে। তাই প্রাকৃতিক পরিবেশকে অক্ষুণ্ন রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে। এ ছাড়া প্রকল্প বাস্তবায়নের সময় পর্যাপ্ত খোলা জায়গা ও খেলার মাঠের ব্যবস্থা রাখার কথা বলেন তিনি।
গৃহায়ণমন্ত্রী মোশাররফ হোসেন বলেন, ‘আবাসন খাতের জন্য সরকারকে একটু উদার হতে হবে। একটি তহবিল গঠন করতে হবে। তহবিলে যদি ২০ থেকে ৫০ হাজার কোটি টাকা রাখা যায় তাহলে খাতটির উত্থান ঘটবে।’ তহবিলের অর্থ অপচয় হবে না, এমন ইঙ্গিত করে তিনি বলেন, ‘গরিব ও মধ্য আয়ের মানুষ টাকা মারে না। টাকা মারে শিল্পপতিরা।’
গৃহ ঋণের জন্য রিহ্যাবের নেতারা বেশ কিছুদিন ধরেই একটি তহবিল গঠনের দাবি জানিয়ে আসছেন। যাতে ক্রেতারা সেই তহবিল থেকে স্বল্প সুদে দীর্ঘদিনের জন্য গৃহ ঋণ পান। তবে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত জোরালো সাড়া পাননি তাঁরা।
রিহ্যাবের রজতজয়ন্তী উপলক্ষে প্রয়াত ব্যবসায়ী ইস্টার্ন হাউজিং লিমিটেডের চেয়ারম্যান জহুরুল ইসলামকে মরণোত্তর সম্মাননা দেওয়া হয়। তিনি সংগঠনের প্রতিষ্ঠানকালীন সদস্য। জহুরুল ইসলামের পক্ষে তাঁর ছেলে মঞ্জুরুল ইসলাম রাষ্ট্রপতির কাছ থেকে সম্মাননা গ্রহণ করেন। এ ছাড়া বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ পেয়েছেন আজীবন সম্মাননা। তিনিও সংগঠনটির প্রতিষ্ঠাকালীন সদস্য ও সাবেক সভাপতি।
১৯৯১ সালে ১১ জন সদস্য নিয়ে রিহ্যাব গঠিত হয়। বর্তমানে সংগঠনটির সদস্যসংখ্যা এক হাজারের বেশি।