যথাযথ অবকাঠামো বিনির্মাণ ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য যথাযথ অবকাঠামো বিনির্মাণ ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখার ওপর জোর দেওয়া হয়েছে। ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের (আইসিসিবি) ১৭তম কাউন্সিলে গতকাল এসব বিষয়ে জোর দেওয়া হয়। ঢাকা চেম্বার মিলনায়তনে এই কাউন্সিল অনুষ্ঠিত হয়। আইসিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে। আইসিসিবির কাউন্সিলে এই বলে আশাবাদ ব্যক্ত করা হয় যে আগামী ১৫ বছরের মধ্যে বাংলাদেশ দ্বিতীয় চীন হিসেবে আবির্ভূত হতে পারে। কেননা, তৈরি পোশাক, ওষুধ এবং জাহাজ নির্মাণ খাতে দেশটি বিশ্বে নেতৃস্থানীয় হতে যাচ্ছে। আইসিসিবির সভাপতি মাহবুবুর রহমান সভায় নির্বাহী পর্ষদের প্রতিবেদন উপস্থাপনকালে এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশকে তার যোগাযোগ-ব্যবস্থাকে উন্নত করতে হবে এবং বন্দরের সুযোগ-সুবিধা বাড়াতে হবে।সভার শুরুতেই প্রয়াত শিল্পপতি স্যামসন এইচ চৌধুরী স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। স্যামসন এইচ চৌধুরী আইসিসিবির সহসভাপতি এবং স্কয়ার গ্রুপের চেয়ারম্যান ছিলেন। এ ছাড়া কাউন্সিল আইসিসিবির সহসভাপতি লতিফুর রহমানকে অসলোভিত্তিক বিজনেস ফর পিস ফাউন্ডেশন কর্তৃক বিজনেস ফর পিস অ্যাওয়ার্ড ২০১২ লাভের জন্য অভিনন্দন জানায়। আইসিসিবির সদস্যদের পক্ষ থেকে আইসিসিবির সভাপতি মাহবুবুর রহমান লতিফুর রহমানকে স্মারক উপহার দেন।সম্মেলনে আইসিসিবির সভাপতি বলেন, ‘আমরা সবাই জানি যে বিশ্ব অর্থনীতি কঠিন সময় অতিবাহিত করছে। ইউরোপের অর্থনৈতিক সংকট ঘনীভূত হওয়ায় অর্থনৈতিক বিশৃঙ্খলা উন্নয়নশীল এবং উচ্চ আয় উভয় ধরনের দেশেই ছড়িয়ে পড়েছে এবং এর নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। তাই যুক্তরাষ্ট্র ও জাপানে তুলনামূলক শক্তিশালী কার্যক্রম থাকলেও বিশ্বপ্রবৃদ্ধি এবং বিশ্ববাণিজ্য দ্রুত কমে যাচ্ছে।’ প্রতিবেদনে আরও বলা হয়, উচ্চ মূল্যস্ফীতি এবং সরকার কর্তৃক ব্যাংক থেকে ব্যাপক ঋণ নেওয়ার কারণে বাংলাদেশের অর্থনীতি শক্ত চাপের মুখে পড়বে। কাজেই মূল্যস্ফীতি মোকাবিলা এবং অর্থনৈতিক অস্থিরতা থেকে বেরিয়ে আসার জন্য অবকাঠামোগত চ্যালেঞ্জকে সামলানো অন্যতম বলে আইসিসিবির সভাপতি উল্লেখ করেন।প্রতিবেদনে আরও বলা হয়, জ্বালানি এবং সার আমদানি বৃদ্ধির ফলে আমদানি ব্যয় বৃদ্ধি, আকাশচুম্বী মূল্যস্ফীতি, বাজেট ঘাটতি বৃদ্ধি এবং সরকার কর্তৃক ব্যাংকঋণ বৃদ্ধি, বিদেশি সাহায্য এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়া, রপ্তানি আয়ে নিম্নমুখিতা এবং টাকার অবমূল্যায়নের ফলে বাংলাদেশের অর্থনীতি ২০১১ সালে চাপের মধ্যে ছিল। এ অবস্থায় চলতি অর্থবছরের জন্য নির্ধারিত সাত শতাংশ হারে জিডিপি প্রবৃদ্ধি অর্জন করতে হলে মূল্যস্ফীতিকে সহনীয় পর্যায়ে রাখা আবশ্যক বলে কাউন্সিলে মত প্রকাশ করা হয়। সভায় অন্যান্যের মধ্যে আইসিসিবির সহসভাপতি লতিফুর রহমান, এ এস এম কাশেম, মাহবুব জামিল, রোকেয়া এ রহমান, আর মাকসুদ খান, ওয়ালিউর রহমান ভূঁইয়া, আফতাব-উল-্ইসলাম; ডিসিসিআইয়ের সভাপতি আসিফ ইব্রাহিম; এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি মো. ফজলুল হক; বিকেএমইএর সহসভাপতি মো. হাতেম, আরশাদ আলী, আবু আলম চৌধুরী, নাসের এ চৌধুরী, এম জহির, এরফান শেহাবুল মতিন, গোলাম রহমান এবং ব্যাংক, বিমা ও বহুজাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।