যথাযথভাবে বাজেট বাস্তবায়নের আহ্বান বিএইচএমএমএর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ হার্ডওয়্যার অ্যান্ড মেশিনারি মার্চেন্টস অ্যাসোসিয়েশন (বিএইচএমএমএ) বলেছে, বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বরাদ্দ বৃদ্ধি পেলেও সঠিকভাবে বাস্তবায়ন না হলে তা জনগণের জন্য কল্যাণের চেয়ে দুঃখ-কষ্ট আর অকল্যাণই বয়ে আনবে।বিএইচএমএমএ মনে করে, কালোবাজারি-দুর্নীতি ও সন্ত্রাস দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, ন্যায়বিচার এবং বাজেটে বরাদ্দকৃত অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত না হলে মুষ্টিমেয় লোক ছাড়া দেশের সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএইচএমএমএ বাজেট প্রতিক্রিয়ায় এসব কথা বলেছে।সংগঠনটির মতে, প্রস্তাবিত বাজেটে শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া প্রশংসার দাবি রাখে। তবে বরাদ্দকৃত অর্থের সঠিক ব্যবহার না হলে এই খাতের বাজেট থেকে সাধারণ মানুষ সুফল পাবে না।২০১০-১১ অর্থবছরের বাজেটে অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান, কৃষি ও পল্লী উন্নয়ন এবং শিক্ষা ও স্বাস্থ্য খাতে নেওয়া উদ্যোগগুলো প্রশংসনীয় বলে উল্লেখ করেছে বিএইচএমএমএ। সেই সঙ্গে কৃষি খাতে দেওয়া পর্যাপ্ত পরিমাণ ভর্তুকি সময়োপযোগী বলে আখ্যায়িত করেছে সংগঠনটি।সংগঠনটি মনে করে, দেশের স্বার্থে মূল্য সংযোজন করের (মূসক বা ভ্যাট) আওতা বাড়ানো দরকার। কিন্তু ভ্যাট বা মূসক আদায়ের নামে রাজস্ব বিভাগ যাতে ব্যবসায়ীদের ওপর নির্বিচারে স্টিম রোলার চালাতে না পারে, সে জন্য ভ্যাটনীতি আরও পরিষ্কার করা দরকার।