যথেষ্ট দক্ষতার সঙ্গে আর্থিক কেলেঙ্কারি ঘটানো হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অদক্ষতা নয়, বরং যথেষ্ট দক্ষতার সঙ্গে দেশে আর্থিক কেলেঙ্কারিগুলো ঘটানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ আনু মুহাম্মদ। শেয়ারবাজার থেকে শুরু করে সর্বশেষ হলমার্ক কেলেঙ্কারির দৃষ্টান্তে তিনি এ মন্তব্য করেন।সাপ্তাহিক আয়োজিত ‘অর্থনৈতিক পরিস্থিতি ও জনস্বার্থ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় গতকাল শনিবার আনু মুহাম্মদ এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘দেশে-প্রবাসে মিলিয়ে প্রায় দেড় কোটি মানুষ শরীরের রক্ত পানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করে। আর দরবেশ নামধারীরা সরকারের ঘাড়ে ভর করে এসব টাকা বিদেশে পাচার করে আখের গোছায়।’ঢাকায় ধানমন্ডির বিলিয়া অডিটোরিয়ামে এই গোলটেবিল আলোচনাটি সঞ্চালনা করেন সাপ্তাহিক-এর সম্পাদক গোলাম মোর্তোজা। আলোচনার প্রস্তাবনা তুলে ধরেন সাপ্তাহিক-এর নির্বাহী সম্পাদক শুভ কিবরিয়া।আলোচনায় বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেন বলেন, ‘দেশে এখন অভিশপ্ত রাজনীতি চলছে। কিন্তু ভয়ের কারণ হচ্ছে, এই অভিশপ্ত রাজনীতির নোংরা খেলা দেখে ভালো মানুষেরা হতাশ হয়ে যাচ্ছে।’ তবে তিনি এও বলেন, ‘হতাশ হওয়ার কোনো কারণ নেই। আমরা এর চেয়েও খারাপ পরিস্থিতি মোকাবিলা করে এসেছি, অসম্ভবকে সম্ভব করেছি। তাই হতাশ হলে চলবে না। দেশটা কোনো দল বা ব্যক্তির নয়। এটা আমাদের দেশ, আমাদেরকেই রক্ষা করতে হবে।’প্রবীণ সাংবাদিক এবিএম মূসা বলেন, ‘সরকারে থেকে কেউ চুরি করছে না, গ্রিলও কাটছে না বরং সরকার দারোয়ানের ভূমিকায় দরজা খুলে দিয়ে লুটপাটের ব্যবস্থা করছে। এটা শুধু এই সরকারই না, বিগত সব সরকারই এই ভূমিকা পালন করে আসছে।’ সৈয়দ আবুল মকসুদ বলেন, যদি দুর্নীতির দায়ে ও অদক্ষতার কারণে অভিযুক্ত মন্ত্রিসভার সদস্যদের বাদ দিলে ও অপরাধীদের জেলখানায় পাঠালে দেশের মানুষ উৎসাহ পেত, উল্টো মন্ত্রিসভার কলেবর বাড়িয়ে জাতীয় সম্পদ খরচের আরেকটি পথ করা হলো।বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমদ বলেন, সাম্প্রতিক আর্থিক কেলেঙ্কারিগুলোতেও দুর্নীতি, অদক্ষতা ও রাজনৈতিক প্রভাবের এক অপূর্ব সমন্বয় দেখা যায়।অ্যাকশন এইড বাংলাদেশের আবাসিক পরিচালক ফারাহ্ কবীর বলেন, অনেক জায়গায় দেখা গেছে ১০ টাকার ব্যাংক হিসাব খুলতে গিয়ে গরিব কৃষককে ১৫০-২০০ টাকা খরচ করতে হয়েছে।আলোচনায় আরও অংশ নেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান বদিউর রহমান এবং সাবেক ব্যাংকার মামুন রশীদ।