যন্ত্রচালিত কারখানা স্থাপনে ঝুঁকছেন ব্যবসায়ীরা

ভৈরবে যন্ত্রচালিত পাদুকা কারখানার সংখ্যা দিন দিন বাড়ছে। বর্তমানে সেখানে অন্তত ২৫টি কারখানা যন্ত্রের সাহায্যে পাদুকা প্রস্তুত করছে। এ ক্ষেত্রে অবশ্য বড় বাধা হয়ে আছে পুঁজির স্বল্পতা।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভৈরব পৌর শহরের বাসিন্দা মাসুদুর রহমানের পূর্বসূরিদের কেউই পাদুকাশিল্পের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। কিন্তু চোখের সামনে একের পর এক যন্ত্রচালিত কারখানা গড়ে উঠতে দেখে পাদুকাশিল্পে বিনিয়োগের আগ্রহ তৈরি হয় তাঁর। সেই আগ্রহ থেকেই করোনা মহামারির মধ্যে গড়ে তুললেন ‘কিক ফুটওয়্যার’ নামের একটি প্রতিষ্ঠান। চীন থেকে আমদানি করেন যন্ত্রপাতি। বর্তমানে এ কারখানায় দিনে তৈরি হচ্ছে ১ হাজার ২০০ থেকে দেড় হাজার জোড়া জুতা, যা চলে যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়।

কিশোরগঞ্জের ভৈরবে পাদুকাশিল্পের যাত্রা শুরু ১৯৮৯ সালে। তখন থেকে পাদুকা তৈরিতে চামড়ার কাটিং, প্রিন্টিং, আপার, সুইং, ফিটিংসসহ সব কাজই হতো হাতে। ২০১৬ সালে ভৈরবের পাদুকাশিল্পে যন্ত্রের ব্যবহার শুরু হয়। এয়ার ম্যাক্স ফুটওয়্যার ও ডিয়ার ফুটওয়্যার নামের দুটি প্রতিষ্ঠান প্রথমবারের মতো চীন থেকে আমদানি করা যন্ত্র দিয়ে পাদুকা তৈরির কাজ শুরু করেন। এরপর ধীরে ধীরে সেখানে বাড়তে থাকে যন্ত্রের ব্যবহার।

সরেজমিন দেখা গেছে, বর্তমানে সেখানে অন্তত ২৫টি কারখানা যন্ত্রের সাহায্যে পাদুকা প্রস্তুত করে। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো গ্রেট ফুটওয়্যার, মুনস্টার ফুটওয়্যার, ঈগল ফুটওয়্যার, সিক্স ফুটওয়্যার। এগুলোতে যন্ত্রে পাদুকা তৈরি হচ্ছে। এ ছাড়া রয়েছে অ্যাডভান্স ফুটওয়্যার, আম্বানি ফুটওয়্যার, বিকন ফুটওয়্যার, ড্রাগন ফুটওয়্যার, নেকসাস ফুটওয়্যার ইত্যাদি।

দুই ধরনের কারখানার উদ্যোক্তাদের সঙ্গে আলাপ করে জানা যায়, যেখানে হাতে তৈরি একটি কারখানায় দৈনিক সর্বোচ্চ দেড় শ থেকে দুই শ জোড়া পাদুকা তৈরি হয়, সেখানে যন্ত্রচালিত কারখানায় প্রস্তুত হয় এক হাজার থেকে দেড় হাজার জোড়া।

সম্প্রতি সরেজমিনে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেল, সেখানকার কারখানাগুলোতে এখন যন্ত্র ব্যবহারের প্রবণতা বাড়ছে। স্থানীয় ও বাইরের জেলা থেকে আসা উদ্যোক্তাদের মধ্যে এখন যন্ত্রনির্ভর কারখানা স্থাপনের ঝোঁক বাড়ছে। তবে একটি যন্ত্রের কারখানা দিতে যে পরিমাণ টাকার প্রয়োজন, সে পুঁজির অভাবে পুরোনো অনেক উদ্যোক্তাই এ রকম কারখানা করতে পারছেন না। অবশ্য একটি পাদুকা তৈরিতে সবকিছুই যে যন্ত্রে তৈরি হয়, তা নয়। অর্ধেক কাজ হয় যন্ত্রে, বাকিটা হাতে।

জানতে চাইলে এয়ার ম্যাক্স ফুটওয়্যারের চেয়ারম্যান আমীর হোসেন প্রথম আলোকে বলেন, একসময় পাদুকা পুরোপুরি হাতে তৈরি হতো। সময় পাল্টে গেছে। এখন যন্ত্রচালিত কারখানায় পাদুকা তৈরি হচ্ছে। হাতে তৈরি পাদুকার চেয়ে যন্ত্রচালিত কারখানায় তৈরি পাদুকার মান ভালো হয়। আমীর হোসেন আরও বলেন, মানুষের রুচিতে পরিবর্তন আসছে। সে কারণে ধীরে ধীরে যন্ত্রের ব্যবহার বাড়ছে। তবে পুঁজির অভাবে অনেকে যন্ত্রের কারখানা স্থাপন করতে পারছেন না।

তবে খারাপ দিকও আছে। অপরিকল্পিতভাবে গড়ে ওঠা কারখানাগুলোতে প্রচুরসংখ্যক শিশু শ্রমিক দিয়ে কাজ করানো হয়, আবর্জনা ফেলা হয় যত্রতত্র। সেদিকে সরকারের নজরদারি নেই। এ বিষয়ে জানতে চাইলে আমীর হোসেন অবশ্য দাবি করেন, কারখানায় আগের চেয়ে শিশুশ্রম অনেক কমেছে এবং এখন পরিকল্পিতভাবে কারখানা গড়ে উঠছে।

বিভিন্ন পর্যায়ে আলাপ করে জানা যায়, ভৈরবের পাদুকাশিল্পে বংশপরম্পরায় সম্পৃক্ত হচ্ছেন স্থানীয়রা। দাদা, বাবার পর সন্তানেরাও এই পেশায় যুক্ত হচ্ছে, যদিও এতে পড়াশোনার অপূরণীয় ক্ষতি হচ্ছে। স্থানীয় বাসিন্দা রমজান মিয়া একটি কারখানার মালিক। ২০ বছর ধরে এ পেশায় আছেন। তিন ছেলের মধ্যে দুই ছেলে তাঁর সঙ্গে কারখানায় কাজ করছে। করোনা মহামারি এসে তাঁর ব্যবসার কোমর ভেঙে দিয়েছে। যাঁদের কাছে পাদুকা বিক্রি করেছেন, তাঁরা টাকা দিচ্ছেন না। বাজারে ২০ লাখ টাকা বকেয়া পড়ে আছে তাঁর। করোনার আগে দিনে ৩০ ডজন পাদুকা উৎপাদিত হতো, যেটা এখন ১০ ডজনে নেমেছে।

রমজান মিয়া যুগের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য সরকারের কাছে সহায়তা দাবি করেন, যাতে কারখানায় যন্ত্র বসিয়ে পাদুকা তৈরি করতে পারেন।

স্থানীয় আরেক বাসিন্দা মোহাম্মদ শফিক মিয়া পাদুকার নকশা তৈরি করেন। তিনি ৩২ বছর ধরে পাদুকাশিল্পের সঙ্গে জড়িত। তিন ছেলের মধ্যে দুজনকে এই পেশায় নিয়ে এসেছেন। নকশা বানানোর জন্য বড় ছেলে তৌফিককে একটি কম্পিউটার কিনে দিয়েছেন। মেজ ছেলে তৌকির এবার সপ্তম শ্রেণিতে পড়ে। তার জন্যও একটি যন্ত্র কিনেছেন। কাজের কারণে পড়াশোনার ক্ষতি হয় কি না, জানতে চাইলে কারখানায় বসেই তৌকির জানায়, সে পড়াশোনার ফাঁকে ফাঁকে কাজ করে। তাই পড়াশোনার ক্ষতি হয় না।

শফিক মিয়া বলেন, পাদুকাশিল্পের ভবিষ্যৎ উজ্জ্বল। তবে এখানে প্রচুর পুঁজির প্রয়োজন। সেটা পাওয়া যায় না। সরকারের কাছ থেকে কোনো ধরনের সহযোগিতা নেই। ব্যাংকের ঋণ মেলে না। সে জন্য অনেকে চড়া সুদে ঋণ নিতে বাধ্য হন।

স্থানীয়রা বলছেন, ভৈরবে পাদুকাশিল্প একসময় দুই ঈদকেন্দ্রিক ব্যবসা ছিল। বাকি সময় অনেকটা বেকারই কাটাতে হতো ব্যবসায়ীদের। যন্ত্রচালিত কারাখানা আসায় এখন সারা বছরই জমজমাট থাকে কারখানাগুলো। এ ছাড়া একসময় পাদুকাশিল্পে শুধু নারী ও পুরুষদের স্যান্ডেল বানানো হতো। এখন পুরুষদের শু, কেডস ও লোপার; নারীদের পাম্পি, বাচ্চাদের সব ধরনের পাদুকা ও জুতা তৈরি হচ্ছে। যার ফলে নকশাবিদ, শ্রমিকসহ সবার ব্যস্ততা বেড়েছে।

জুতা তৈরির সব ধরনের উপকরণ এখন ভৈরবেই পাওয়া যায়, আগে যা আনতে ঢাকায় ছুটতে হতো উদ্যোক্তাদের। নব্বইয়ের দশকে ভৈরবে উপকরণের দোকান ছিল ৫টি, যা ২০১০ সালে বেড়ে হয় ৫০টি। এখন তা আরও ছয় গুণ বেড়ে তিন শতাধিক হয়েছে। ভৈরবে প্রথম দিককার একটি ম্যাটেরিয়াল (উপকরণ) দোকান হলো মায়ের দোয়া। এই দোকানের মালিক শাহীন মিয়া বলেন, ‘যন্ত্রচালিত কারখানাকে স্বাগত জানাই। যদি আমদানি বন্ধ করা সম্ভব হয়, তাহলে দেশীয় পাদুকা রপ্তানি বাড়বে।’