আগামী ২০১২-১৩ অর্থবছরের বাজেটে বাস্তবায়নের জন্য ঘড়ি ব্যবসায়ীদের স্বার্থসংশ্লিষ্ট বেশ কয়েকটি দাবি জানিয়েছে বাংলাদেশ ঘড়ি ব্যবসায়ী সমিতি। প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে সমিতির সভাপতি মো. নাসির উদ্দিন এসব বিষয়ে বিস্তারিত বলেন। সভাপতি মো. নাসির উদ্দিন বলেন, ঘড়ি আমদানি করতে কাস্টমে বিভিন্ন ধরনের প্রায় সাড়ে ৩৮ শতাংশ শুল্ক দিতে হয়। একই পণ্য পাইকারি কিংবা খুচরা পর্যায়ে বিক্রি করতে আবার মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হয়। এ ধরনের অদ্ভুত নিয়মে পড়ে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কেননা, পণ্যের দাম বেড়ে যাচ্ছে এবং ব্যবসা ঝিমিয়ে পড়ছে। এ ছাড়া তৈরি ঘড়ি ও যন্ত্রাংশ আমদানিতে একই শুল্ক আরোপ করা হয়। এ জন্য দেশে হাতঘড়ির সংযোজনকারী প্রতিষ্ঠানগুলো নিরুৎসাহিত হচ্ছে। অধিকাংশ প্রতিষ্ঠানই সংযোজন কাজ বন্ধ করে দিয়েছে। এসব অভিযোগ করে নাসির উদ্দিন আগামী বাজেটে তৈরি ঘড়ি ও যন্ত্রাংশ আমদানিতে আমদানি শুল্ক ভিন্ন করার দাবি জানান। এ ছাড়া তিনি আমদানি পর্যায়ে যন্ত্রাংশের ক্ষেত্রে ৫ শতাংশ ও মধ্যবর্তী কাঁচামালের ক্ষেত্রে ১২ শতাংশ হারে শুল্ক ধার্য করার কথা বলেন। নাসির উদ্দিন আরও বলেন, মুভমেন্ট যন্ত্র আমদানি করে দেয়ালঘড়িতে সংযোজন করা হয়। কিন্তু ৫১ শতাংশ শুল্ক দিয়ে যন্ত্রটি আমদানি করায় খরচ বেশি পড়ছে। এ শুল্ক সর্বনিম্ন পর্যায়ে ধার্য করলে দেশীয় প্রতিষ্ঠানগুলো টিকে থাকবে। দেয়ালঘড়ি আমদানি বন্ধ হবে, দেশীয় উৎপাদন বাড়বে এবং রপ্তানির সুযোগ বাড়বে। সভাপতি বলেন, অনেক অসাধু ব্যবসায়ী অধিক মুনাফার লোভে নিম্নমানের পণ্য আমদানি করছেন। এ কারণে প্রকৃত ব্যবসায়ী এবং সাধারণ ভোক্তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তিনি ঘড়ি আমদানির ঋণপত্র খোলা ও মালামাল ছাড়পত্র করানোর জন্য বাংলাদেশ ঘড়ি সমিতি থেকে অনাপত্তি বা ছাড়পত্র গ্রহণ বাধ্যতামূলক করার দাবি জানান। সরকারের সহায়তা পেলে ঘড়িশিল্প দেশের অর্থনীতিতে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম বলে উল্লেখ করেন নাসির উদ্দিন। এ জন্য এ খাতকে কুটিরশিল্পের আওতায় হাত ও দেয়াল উভয় ঘড়ির সংযোজন পর্যায়ে ভ্যাটের হার ১০ শতাংশ থেকে কমিয়ে প্যাকেজের মাধ্যমে মাধ্যমে ভ্যাট দেওয়ার সুযোগের দাবি জানান তিনি। এ ছাড়া ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষেত্রে ছয় হাজার টাকা থেকে কমিয়ে আগের মতো চার হাজার ২০০ টাকা প্যাকেজ ভ্যাট দেওয়ার বিষয়টি আগামী বাজেটে কার্যকর করার দাবি জানান।