যমুনা গ্রুপ থেকে ৭০০ কোটি টাকা আদায় করবে এনবিআর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মূল্য সংযোজন কর (মূসক) ফাঁকি দেওয়ায় যমুনা গ্রুপের অ্যারোমেটিক কসমেটিকসের কাছ থেকে সুদসহ প্রায় ৭০০ কোটি টাকা আদায় করবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
দুটি রিট মামলার সূত্রে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে করা লিভ টু আপিল পিটিশনের ওপর দেওয়া রায় অনুযায়ী এনবিআর ওই অর্থ আদায় করবে। গতকাল রোববার এনবিআরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
এনবিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গাজীপুরের কোনাবাড়িতে অবস্থিত অ্যারোমেটিক কসমেটিকস ১৯৯৬ থেকে ২০০০ সাল পর্যন্ত মূসক ও সম্পূরক কর ফাঁকি দেওয়ায় দুটো দাবিনামা জারি করে ঢাকা উত্তর ভ্যাট কমিশনারেট। শোকজ ও শুনানি শেষে মূসক ফাঁকি ও অর্থদণ্ড বাবদ দুই মামলায় ১৭৪ কোটি ৪৯ লাখ টাকার দাবিনামা জারি করলে প্রতিষ্ঠানটি সময়ক্ষেপণ করে।
২০০৩ সালে হাইকোর্ট বিভাগে ওই প্রতিষ্ঠানের দায়ের করা দুটি রিট মামলা ২০০৫ সালে খারিজ হয়। পরে হাইকোর্টের রায়ের বিপক্ষে আপিল বিভাগে করা লিভ টু আপিল-সংক্রান্ত রায় সরকারের পক্ষে দেওয়া হয়। ১৬ মার্চ এই রায় দেওয়া হয়।
মূসক আইন অনুযায়ী, মূসক পাওনা হওয়ার পর তা জমা না দিলে প্রতি মাসে ২ শতাংশ হারে সুদ দিতে হয়। বছরে ২৪ শতাংশ সুদ হিসেবে ১৭৪ কোটি টাকার ওপর এনবিআরের পাওনার হিসাব হবে। এতে সুদসহ মোট পাওনার পরিমাণ দাঁড়াবে প্রায় ৭০০ কোটি টাকা।
সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান বলেন, বড় বড় মামলা নিষ্পত্তির ব্যাপারে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এতে সরকারের রাজস্ব আদায়ে যেমন অগ্রগতি হবে, তেমনি কর ফাঁকিবাজদের কাছে বার্তা যাবে। বিজ্ঞপ্তি।