যমুনা-মেঘনাকে জরিমানা করেছে এসইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্ধারিত সময়ে নিরীক্ষিত আর্থিক বিবরণী জমা না দেওয়ায় পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি খাতের রাষ্ট্রায়ত্ত দুই প্রতিষ্ঠান যমুনা অয়েল ও মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালকসহ ১৬ পরিচালককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) এ সিদ্ধান্ত গতকাল সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশ করা হয়।এসইসি সূত্র জানায়, গত বছরের ৩০ জুন দুটি কোম্পানিরই আর্থিক বছর শেষ হয়েছে। নিয়মানুযায়ী কোনো কোম্পানির আর্থিক বছর শেষ হওয়ার সর্বোচ্চ ১২০ দিনের মধ্যে নিরীক্ষিত প্রতিবেদন প্রস্তুত করার কথা। এর ১৪ দিনের মধ্যে তা নিয়ন্ত্রক সংস্থাকে জানানোর নিয়ম। সে অনুযায়ী গত ১১ নভেম্বর কোম্পানি দুটির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশের নির্ধারিত দিন শেষ হয়েছে।এসইসি সূত্র বলছে, এ সময়ের মধ্যে প্রতিবেদন প্রকাশ না করায় কোম্পানি দুটি একই সঙ্গে সাধারণ বিনিয়োগকারীদের তথ্য পাওয়ার অধিকার ক্ষুণ্ন করেছে এবং পুঁজিবাজারের নিয়ম ভেঙেছে। আর এ ঘটনার দায় যেহেতু কোম্পানির পরিচালনা পর্ষদের ওপরই বর্তায়, তাই নিয়মানুযায়ী তাঁদের সবাইকে জরিমানা করা হয়েছে।যাঁদের জরিমানা করা হয়েছে: যমুনা অয়েলের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুরুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান, পরিচালক আতাউর রহমান, আরাস্তু খান, আনোয়ারুল করিম, আহমেদ আলি, সৈয়দ মাতলুবুর রহমান, মোসলেহ উদ্দিন এবং এ এইচ এম এ মজিদ রহিমি। মেঘনা পেট্রোলিয়ামের চেয়ারম্যান আনোয়ারুল করিম, ব্যবস্থাপনা পরিচালক কুদরাত-ই-এলাহী, পরিচালক কাজী শফিকুল আযম, নূরুল ইসলাম, সৈয়দ মোহাম্মদ মোজাম্মেল হক, সিদ্দিক যুবায়ের এবং এ এফ এম ইসহাক।জানা গেছে, ১৫ দিনের মধ্যে এসইসিতে জরিমানার টাকা জমা দিতে হবে। এরপর প্রতিদিনের দেরির জন্য অতিরিক্ত আরও ১০ হাজার টাকা করে জরিমানা গুনতে হবে অভিযুক্তদের প্রত্যেককে।