যমুনা সার কারখানা ১৫০ কোটি টাকা মুনাফা করেছে
জামালপুরের সরিষাবাড়ীর যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেড (জেএফসিএল) গত ২০১১-১২ অর্থবছরে ইউরিয়া সার বিক্রি করে ১৫০ কোটি টাকা মুনাফা অর্জন করেছে।কারখানা সূত্রে জানা গেছে, বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থা (বিসিআইসি) গত অর্থবছরে কারখানার জন্য দুই লাখ ৩৫ হাজার মেট্রিক টন সারের উৎপাদন লক্ষ্যমাত্রা বেঁধে দেয়। কারখানায় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে উৎপাদন হয়েছে তিন লাখ ২৩ হাজার ৬৭৭ মেট্রিক টন। কৃষি মন্ত্রণালয়ের বরাদ্দ অনুযায়ী দুই লাখ ৩৯ হাজার ১৫৯ মেট্রিক টন সার বিক্রয় করে ৪৩০ কোটি টাকা কারখানায় আয় হয়েছে। উৎপাদন ও প্রশাসনিক ব্যয় বাদ দিয়ে কারখানায় গত অর্থবছরে ১৫০ কোটি টাকা মুনাফা অর্জন হয়েছে। আর গত ২০১০-১১ অর্থবছরে কারখানায় লোকসানের পরিমাণ ছিল ১৩০ কোটি টাকা। কারখানার মহাব্যবস্থাপক (বাণিজ্যিক) মো. খায়রুল আনাম সরকার জানান, যমুনা সার কারখানায় ব্যয় বাদে গত অর্থবছরে সার বিক্রি করে ১৫০ কোটি টাকা মুনাফা হয়েছে।