যমুনা সার কারখানায় উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জনে বিপর্যয়
জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেডে (জেএফসিএল) ২০১০-১১ অর্থবছরে উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জনে চরম বিপর্যয় ঘটেছে।জানা গেছে, আলোচ্য অর্থবছরে জেএফসিএলে তিন লাখ ৩০ হাজার মেট্রিক টন লক্ষ্যমাত্রার বিপরীতে সার উৎপাদিত হয়েছে এক লাখ ৬৩ হাজার ৯০৭ মেট্রিক টন। অর্থাৎ লক্ষ্যমাত্রার চেয়ে অর্ধেকেরও কম পরিমাণ সার উৎপাদিত হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, যান্ত্রিক ত্রুটি ও গ্যাস সরবরাহ না থাকার কারণেই মূলত যমুনা সার কারখানা মোট ১৭০ দিন বন্ধ থাকায় উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি।এ প্রসঙ্গে যমুনা কারখানার ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক অচিন্ত্য কুমার দেব প্রথম আলোকে বলেন, ‘যান্ত্রিক ত্রুটি ও গ্যাস সরবরাহ না থাকায় উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি।’জানা গেছে, গত অর্থবছরে যমুনা সার কারখানায় মোট ১৭০ দিন সার উৎপাদন কার্যক্রম বন্ধ থাকে। এর মধ্যে কারখানাটি টানা ৯৭ দিন বন্ধ ছিল। তবে কারখানাটির উৎপাদন কার্যক্রম টানা বন্ধ থাকার মেয়াদ চলতি ২০১১-১২ অর্থবছরের প্রথম ১৩ দিন তথা গতকাল বুধবার পর্যন্ত দাঁড়ায় ১১০ দিনে।গত ইরি-বোরো মৌসুমে বিদ্যুৎ সরবরাহ সচল রাখার জন্য ২৬ মার্চ এক সরকারি নির্দেশে যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়, যা এখন পর্যন্ত অব্যাহত রয়েছে।