যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহের দাবি
যমুনা সার কোম্পানি লিমিটেডে (জেএফসিএল) গ্যাস সরবরাহের দাবি জানিয়েছে সরিষাবাড়ী নাগরিক কমিটি।জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত এই সার কারখানায় ২৬ মার্চ গ্যাস সরবরাহ বন্ধ করার পর থেকে টানা ৫২ দিন ধরে সার উৎপাদন বন্ধ থাকায় সরিষাবাড়ী নাগরিক কমিটি গত সোমবার এক সংবাদ সম্মেলনে এই দাবি জানায়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নাগরিক কমিটির সভাপতি মো. গাজীয়ার রহমান। এতে অন্যান্যের মধ্যে নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আশরাফুল আলম মানিক, জাতীয় পার্টির উপজেলা শাখার সভাপতি আ. ছাত্তার এবং তারাকান্দি ট্রাক ও ট্যাংকলরি মালিক সমিতির সভাপতি মো. আবুল হোসেন বক্তব্য দেন। এ ছাড়া সংবাদ সম্মেলনে ট্রাকচালক, হেলপার, সার ব্যবসায়ী, কারখানার শ্রমিক ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।মো. গাজীয়ার রহমান বলেন, জেএফসিএলে সবচেয়ে কম চাপে ও কম পরিমাণ গ্যাস ব্যবহারে সবচেয়ে কম মূল্যে গ্রানুলার সার উৎপাদন করা হয়। কিন্তু কতিপয় আমলার কমিশন লাভের স্বার্থে যমুনা সার কোম্পানির উৎপাদন বন্ধ রেখে বিদেশ থেকে বিপুল পরিমাণ ইউরিয়া সার আমদানির ব্যবস্থা করা হয়েছে। বিষয়টি তদন্ত করা প্রয়োজন বলে তিনি দাবি করেন।সংবাদ সম্মেলনে বলা হয়, টানা ৫২ দিন উৎপাদন বন্ধ থাকায় জেএফসিএলের ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ২২১ কোটি টাকা।