যমুনা সার কারখানায় পরিমাপের বিষয়ে তদন্ত শুরু
জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেডের (জেএফসিএল) বাল্ক গোডাউনে সার পরিমাপের বিষয়ে গতকাল তদন্ত শুরু হয়েছে। ছয় সদস্যের একটি দল এই তদন্ত করছে।জানা গেছে, শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী ২ ডিসেম্বর জেএফসিএল পরিদর্শনকালে বাল্ক গোডাউনে রাখা সারের পরিমাণ জানতে চাইলে কারখানার ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক অচিন্ত্য কুমার দেব ও বিক্রয় উপব্যবস্থাপক গোকুল চন্দ্র সাহা সঠিক তথ্য দিতে পারেননি, যে কারণে ওই দিনই প্রতিমন্ত্রীর নির্দেশে গোকুল চন্দ্র সাহাকে বরখাস্ত করা হয়। পরদিন সিলগালা করা হয় কারখানার বাল্ক গোডাউন। আর ৪ ডিসেম্বর কারখানার ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক অচিন্ত্য কুমার দেবকে প্রত্যাহার করে ঢাকায় বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থার (বিসিআইসি) কারিগরি ও প্রকৌশল বিভাগে নেওয়া হয়।বাল্ক গোডাউনের খোলা সার পরিমাপের জন্য ৫ ডিসেম্বর শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুনসুর আলী শিকদারকে প্রধান করে ছয় সদস্যের তদন্ত দল গঠন করা হয়। তদন্ত দলের প্রধান প্রথম আলোকে বলেন, ‘বাল্ক গোডাউনের খোলা সার পরিমাপ করা হয়েছে। তবে মন্ত্রণালয়ের নির্দেশ ছাড়া পরিমাপের সঠিক তথ্য প্রকাশ করা যাবে না।’