যমুনা সার কারখানায় ১০ মাসে ১৭৫ দিনই উৎপাদন বন্ধ
যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে (জেএফসিএল) গত ১০ মাসে ১০ দফায় মোট ১৭৫ দিন সার উৎপাদন বন্ধ থাকায় ২৯৭ কোটি ৫০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত এই সার কারখানাটিকে যান্ত্রিক ত্রুটি, গ্যাস সরবরাহ না থাকা এবং বার্ষিক মেরামতের কারণে দফায় দফায় বন্ধ করতে হয় বলে এর কর্মকর্তারা জানান।জেএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. আহসানুজ্জামান গতকাল বুধবার প্রথম আলোকে জানান, এই কারখানায় একেক দিন সার উৎপাদন বন্ধ থাকলে ক্ষতির পরিমাণ দাঁড়ায় এক কোটি ৭০ লাখ টাকা। সেই হিসাবে চলতি বছরে কারখানাটিতে এই পর্যন্ত ২৯৭ কোটি ৫০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে ধারণা করা হয়।সর্বশেষ ১১ অক্টোবর রাতে কারখানাটির ইউরিয়া প্ল্যান্টে রি-অ্যাক্টর লাইন ছিদ্র হওয়ায় সার উৎপাদন বন্ধ হয়ে যায়। মেরামতের কাজ শেষ না হওয়ায় ১৪ দিন ধরে এতে সার উৎপাদন বন্ধ রয়েছে।জানা গেছে, গ্যাস সরবরাহ না থাকায় চলতি বছরের প্রথম দিনেই অর্থাৎ ১ জানুয়ারি রাতে এই কারখানায় সার উৎপাদন বন্ধ হয়ে যায়। গ্যাস সরবরাহ পাওয়ায় ২ জানুয়ারি রাতে ফের উৎপাদন শুরু হয়।এরপর ১৬ ফেব্রুয়ারি ইউরিয়া ও অ্যামোনিয়া প্ল্যান্টে বয়লারের টিউব ছিদ্র হওয়ায় সার উৎপাদন বন্ধ হয়ে যায়। তখন যান্ত্রিক মেরামত শেষে ছয় দিন পর ২২ ফেব্রুয়ারি উৎপাদন শুরু হয়।২৭ মার্চ বয়লারের টিউব ছিদ্র হওয়ায় কারখানাটিতে সার উৎপাদন বন্ধ হয়ে যায়। ৩১ মার্চ নাগাদ মেরামতকাজ শেষ করা হলেও ২ এপ্রিল থেকে গ্যাস সরবরাহ না থাকায় সরকারি নির্দেশে কারখানাটিতে ফের সার উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়। ২০ এপ্রিল থেকে কারখানাটিতে ১৬ কোটি টাকা ব্যয়ে বার্ষিক যান্ত্রিক মেরামত শুরু হয়, যা ৩১ মে শেষ হলেও সার উৎপাদনে যাওয়া সম্ভব হয়নি গ্যাসের অভাবে।অবশেষে গ্যাস সরবরাহ সচল হওয়ায় প্রায় ১১০ দিন পর গত ১৬ জুলাই রাতে কারখানায় সার উৎপাদন শুরু করা হয়। ১২ ঘণ্টা সার উৎপাদনের পর ফের ইউরিয়া প্ল্যান্টে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ১৭ জুলাই কারখানাটি আবার বন্ধ হয়ে যায়। পাঁচ দিনের যান্ত্রিক মেরামত শেষে ২১ জুলাই রাতে ফের সার উৎপাদন শুরু হয়।গত ১৩ আগস্ট ভোরে গ্যাসের কমপ্রেসার কমে যাওয়ায় কারখানায় সার উৎপাদন বন্ধ হয়ে যায়। চার দিন বন্ধ থাকার পর গ্যাসের কমপ্রেসার বৃদ্ধি পাওয়ায় ১৬ আগস্ট রাতে সার উৎপাদন শুরু হয়। কিন্তু দুই দিনের মাথায় ১৮ আগস্ট আবার গ্যাসের অভাবে সার উৎপাদন বন্ধ হয়ে যায়। এবার কারখানাটিতে টানা ৩৪ দিন বন্ধ থাকার পর ২১ সেপ্টেম্বর সার উৎপাদন শুরু হয়।জেএফসিএল সূত্রে জানা গেছে, চলতি ২০১০-১১ অর্থবছরে এই কারখানার নিয়ন্ত্রক সংস্থা বিসিআইসি মোট চার লাখ ৮০ হাজার মেট্রিক টন সার উৎপাদনের লক্ষ্যমাত্রা বেঁধে দেয়।কর্মকর্তারা জানান, যমুনা সার কারখানায় দৈনিক ২৪ ঘণ্টায় এক হাজার ৭০০ মেট্রিক টন সার উৎপাদনের কথা থাকলেও ১০ মাস ধরে গ্যাসের সংকট ও যান্ত্রিক ত্রুটির কারণে তা মাত্র ৪৮২ মেট্রিক টনে নেমে এসেছে।জেএফসিএলের এমডি মো. আহসানুজ্জামান বলেন, যান্ত্রিক ত্রুটি সারানোর পাশাপাশি গ্যাসের কমপ্রেসার না বাড়ানো হলে সামনে কৃষি ক্ষেত্রে এর বিরূপ প্রভাব পড়বে।