যমুনা সার কারখানায় ৩ কোটি টাকার ক্ষতি
চলতি ২০১২-১৩ অর্থবছরের শুরুতেই যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেডের (জেএফসিএল) প্রায় তিন কোটি টাকা মূল্যের ইউরিয়া সার ক্ষতি দেখানো হয়েছে। সূত্র জানায়, ২০১১-১২ অর্থবছরে কারখানার ভেতরে ও আবাসিক এলাকার বিভিন্ন সড়কে খোলা আকাশের নিচে ৪৮ হাজার মেট্রিক টন সার রাখা হয়। বৃষ্টিতে ভিজে নষ্ট ও জমাট বেঁধে যাওয়ায় চলতি অর্থবছরে এক হাজার ৮০০ মেট্রিক টন সার ক্ষতি হয়েছে। প্রতি মেট্রিক টন ১৮ হাজার টাকা হিসেবে নষ্ট হওয়া এ ইউরিয়া সারের মূল্য প্রায় তিন কোটি টাকা। বিষয়টি নিশ্চিত করে কারখানার উপব্যবস্থাপক (বিক্রয়) গোকুল চন্দ্র সাহা জানান, গুদাম না থাকার কারণেই এত বিপুল পরিমাণ সার নষ্ট হয়েছে।২০০৪-০৫ অর্থবছরে তিন হাজার, ২০০৯-১০ অর্থবছরে ১২৫, ২০১০-১১ অর্থবছরে ৮৭৮ ও গত অর্থবছরে এক হাজার মেট্রিক টন সার ক্ষতি দেখায় জেএফসিএল কর্তৃপক্ষ। বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থা চলতি অর্থবছরের জন্য যমুনা সার কারখানাকে চার লাখ ৫০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদনের লক্ষ্যমাত্রা বেঁধে দেয়।