যমুনা সার কারখানায় ৬৩ দিন ধরে উৎপাদন বন্ধ
জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেড (জেএফসিএল) গ্যাস সরবরাহ না থাকায় ৬৩ দিন ধরে উৎপাদন বন্ধ রয়েছে। গত ২৬ মার্চ থেকে সরকারি নির্দেশে গ্যাস সরবরাহ বন্ধ রেখে কারখানার উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। এদিকে উচ্চ মূল্যে চীন থেকে আমদানি করা পচা-গলা সার যমুনা সার কারখানায় গ্রহণ করা হচ্ছে। উৎপাদনের মেয়াদ উত্তীর্ণ এই সার ১৯৪ জন ডিলারকে দেওয়া হচ্ছে। ২১ মে অধিক মূল্যে চীন থেকে আমদানি করা পচা-গলা এই সার কারখানার ভেতরে প্রবেশ নিয়ে দুই দল শ্রমিকের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। পরে কারখানার ভেতরে এই পচ-গালা সার প্রবেশ করানো হয়।যমুনা সার খানার ডিলার আশরাফুল আলম, আবুল সরকার, ইমান আলী ও চাঁন মিয়া অভিযোগ করেন, তাঁদের পচা-গলা সার চাপিয়ে দেওয়া হচ্ছে। একই অভিযোগ করেন, জামালপুর জেলা সার অ্যাসোসিয়েশনের সভাপতি মাওলানা নুরুল ইসলাম ও সাবেক সভাপতি মো. চান মিয়া মণ্ডল। জেএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক অচিন্ত্য কুমার দেব প্রথম আলোকে বলেন, এ অভিযোগ মিথ্যা। তবে তিনি স্বীকার করেন যে চীন থেকে আমদানি করা সার যমুনা সারের চেয়ে গুণগত মানে কম।