যশোরের ঐতিহ্যবাহী নকশি পণ্য ও মৎস্য চাষের বাণিজ্যিক সম্ভাবনা কাজে লাগানো এবং এই দুটি খাতের বিকাশের লক্ষ্যে বেসরকারি ব্যাংকগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান।গভর্নর বলেন, যশোরে এই দুটি খাত নিয়ে কাজ করার বিরাট সুযোগ রয়েছে। ব্যাংকগুলো খাত দুটির বিকাশে এগিয়ে এলে কেন্দ্রীয় ব্যাংক থেকে সহযোগিতা করা হবে। এর ফলে যশোর অচিরেই উন্নয়নের মডেল হিসেবে দাঁড়িয়ে যাবে। এর পাশাপাশি গভর্নর যশোরের তাঁতশিল্প, ফুল চাষ, চাতাল ব্যবসা, মিষ্টিশিল্প এবং কৃষি ও গবাদিপশু পালন প্রভৃতি খাতের সহায়তায় এগিয়ে আসার জন্যও ব্যাংকগুলোর প্রতি আহ্বান জানান।গতকাল শনিবার শাহ্জালাল ইসলামী ব্যাংকের যশোর শাখা আয়োজিত ‘নারী উদ্যোক্তা সমাবেশ ও হস্তশিল্প প্রদর্শনী’র উদ্বোধনী অনুষ্ঠানে গভর্নর প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন। যশোর পৌর কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শাহ্জালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবদুর রহমান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান। আতিউর রহমান বলেন, ঐতিহ্যবাহী ‘যশোর স্টিচ’ বা নকশি পণ্য আন্তর্জাতিক মানের ব্র্যান্ডিং আইটেমে পরিণত হতে পারে। কারণ, বিদেশে এই পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে।যশোরের ঐতিহ্যবাহী হস্তশিল্পপণ্যের প্রসার এবং নারী উদ্যোক্তাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে গতকাল দিনব্যাপী নারী উদ্যোক্তা সমাবেশ ও হস্তশিল্প প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীতে ১৫টি স্টলে হস্তশিল্পপণ্য প্রদর্শন করা হয়। গভর্নর আতিউর রহমান আরও বলেন, বিশ্বে আর্থিক মন্দা পুনরায় কড়া নাড়ছে। তবে বাংলাদেশের ব্যাংকিং খাত বেশ দক্ষতার সঙ্গে এই চ্যালেঞ্জ বা সংকট মোকাবিলা করে চলেছে। আতিউর রহমান আরও বলেন, বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের অর্থনীতিকে একটি শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করাতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।