যশোর চেম্বারে নেতৃত্ব নিয়ে জটিলতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনের আড়াই মাস পরও যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নতুন নেতৃত্বের দায়িত্ব নেওয়া নিয়ে জটিলতা কাটেনি। চেম্বারের নেতৃত্ব নিয়ে যে জটিলতা দেখা দিয়েছে, সাধারণ ব্যবসায়ীরা তা শিগগির অবসানের দাবি জানিয়েছেন।জানা গেছে, চেম্বারের নতুন নেতৃত্বের দায়িত্ব নেওয়া নিয়ে যে জটিলতা দেখা দেয় তা নিরসনের লক্ষ্যে ২০ জুন যশোরের জেলা ম্যাজিস্ট্রেট নুরুল আমিনের স্বাক্ষরিত একটি চিঠি বাণিজ্যসচিবের কাছে পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর না করে চেম্বারের মেয়াদোত্তীর্ণ কমিটি অবৈধভাবে অফিস পরিচালনা করছে। সে জন্য দায়িত্ব হস্তান্তরের নির্দেশনা প্রদানে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাণিজ্য মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়।কিন্তু ওই চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে একটি রিট আবেদন করা হয়। আদালত ওই চিঠির কার্যকারিতা স্থগিতের আদেশ দিলে এর বিরুদ্ধে আপিল আবেদন করা হয়। আগামী ২৪ জুলাই এই আপিল আবেদনের ওপর শুনানির দিন ধার্য করা রয়েছে।প্রসঙ্গত, দীর্ঘ ১২ বছর পর ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে গত ১৬ এপ্রিল যশোর চেম্বারের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত সম্মিলিত ব্যবসায়ী পরিষদের আটজন এবং বিএনপি-সমর্থিত ব্যবসায়ী ঐক্য ফোরামের ১০ জন প্রার্থী নির্বাচিত হন। পরে সভাপতি ও সাধারণ সম্পাদক চূড়ান্ত করা হয়।সে অনুযায়ী, গত ১৫ মে সংগঠনের বার্ষিক সাধারণ সভায় নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের কথা থাকলেও এর আগে ৮ মে আপিল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও আওয়ামী লীগ-সমর্থিত সাংসদ শেখ আফিল উদ্দীন নির্বাচনে অনিয়ম ও ত্রুটির অভিযোগ তুলে বাণিজ্য মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠান। এতে নির্বাচনের ফলাফল বাতিলের দাবি জানানো হয়। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো চিঠিতে সাধারণ সভা স্থগিত করে পূর্ববর্তী কমিটিকে সংগঠন পরিচালনার দায়িত্বে বহাল রাখার আদেশ দেওয়া হয়।বাণিজ্য মন্ত্রণালয়ের আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে নবনির্বাচিত কমিটির সহসভাপতি সৈয়দ সাজ্জাদুল করিম উচ্চ আদালতে রিট আবেদন করেন। আদালত মন্ত্রণালয়ের ওই আদেশ স্থগিত করেছেন। এর বিরুদ্ধে আবার আপিল আবেদন করা হয়। তা আমলে নিয়ে আদালত ২৪ জুলাই শুনানির দিন ধার্য করেছেন।চেম্বারের মেয়াদোত্তীর্ণ কমিটির সভাপতি শহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমরা দায়িত্ব ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠি পেলেই ব্যবস্থা নেওয়া হবে।’