যশোরে অর্থনৈতিক অঞ্চল স্থাপন অনিশ্চিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যশোরে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার ঘোষণা দেওয়ার আড়াই বছরেও তা বাস্তবায়িত হয়নি, বরং তা অনিশ্চিত হয়ে পড়েছে বলে মনে করা হচ্ছে।

বর্তমান সরকারের মেয়াদ আর মাত্র কয়েক মাস থাকায় এবং এরই মধ্যে কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় খুলনা বিভাগের প্রথম অর্থনৈতিক অঞ্চল স্থাপন প্রকল্পের কার্যক্রম শুরু হওয়ায় যশোরে অর্থনৈতিক অঞ্চল স্থাপনে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
অর্থনৈতিক অঞ্চল স্থাপনের অগ্রগতি সম্পর্কে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধি তেমন কিছুই জানেন না। জানতে চাইলে যশোর সদর আসনের সাংসদ খালেদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘প্রস্তাবনা কোন অবস্থায় রয়েছে তা আমার জানা নেই। তবে কুষ্টিয়ায় অর্থনৈতিক অঞ্চল হচ্ছে বলে যশোরে হবে না, এমনটি নয়।’
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থার (বিসিক) যশোরের উপমহাব্যবস্থাপক লুৎফর রহমান প্রথম আলোকে জানান, সুপারিশগুলো বর্তমানে কোন অবস্থায় রয়েছে তা তাঁদের ঠিক জানা নেই। তাঁর মতে, কুষ্টিয়ার কুমারখালীতে এ ধরনের একটি প্রকল্পের কাজ শুরু হওয়ায় যশোরে তা অনেকটা অনিশ্চিত হয়ে পড়েছে।
স্থানীয় ব্যবসায়ীদের দাবি, অর্থনৈতিক অঞ্চল গড়ার জন্য যশোর খুবই সম্ভাবনাময়। কারণ বেনাপোল, ভোমরা ও ভোমরা স্থলবন্দর এবং মংলা সমুদ্রবন্দরের ট্রানজিট পয়েন্ট হচ্ছে যশোর। এখানে রয়েছে সড়ক, রেল ও আকাশপথে ভালো যোগাযোগের সুবিধা। এ ছাড়া নওয়াপাড়ায় আছে নৌপথ। সুযোগ রয়েছে গ্যাস ও বিদুৎপ্রাপ্তির। এই অবস্থায় বিদ্যমান অবকাঠোমো সংস্কার ও নতুন কিছু অবকাঠামো নির্মাণ করে যশোরকে শুধু অর্থনৈতিক অঞ্চলই নয়, বরং বাণিজ্যিক নগর হিসেবেও গড়ে তোলা যেতে পারে।
ব্যবসায়ীদের মতে, যশোরে উৎপাদিত মাছের রেণু পোনা, সবজি, ফুল এবং মোটরগাড়ির কাঠামো ও যন্ত্রাংশ দেশীয় চাহিদার একটি বড় অংশ পূরণ করে থাকে। সে জন্য এখানে অর্থনৈতিক অঞ্চল হলে স্থানীয় কৃষি ও অটোমোবাইলভিত্তিক শিল্পের আরও বিকাশ ঘটবে।
২০১০ সালের ২৭ ডিসেম্বর এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যশোরে অর্থনৈতিক অঞ্চল স্থাপনের ঘোষণা দেন।
এরপর যশোরের তৎকালীন জেলা প্রশাসক ও বিসিকের যশোরের কার্যালয় থেকে এ বিষয়ে দুটি সমীক্ষাপত্র সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়। বর্তমান জেলা প্রশাসকও ২০১১ সালে আরেকটি সুপারিশ পাঠান।
যশোর চেম্বারের সভাপতি মিজানুর রহমান খান বলেন, ঢাকা-খুলনা মহাসড়কের যশোর সদর উপজেলার বসুন্দিয়া ও চেঙ্গুটিয়া রেলস্টেশন এলাকায় রেলওয়ের ৩০০ বিঘা খাসজমি রয়েছে। সেখানে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হলে সড়ক, রেল, বিমান ও নৌপথে সারা দেশে কম খরচে পণ্য পৌঁছানো সহজ হবে।