যশোরে এবার রেণু পোনার উৎপাদন, ব্যবসা জমজমাট

আগাম বর্ষা ও অনুকূল আবহাওয়ার কারণে এবার যশোর শহরের চাঁচড়ার হ্যাচারিপাড়া বা মৎস্যপল্লিতে রেণু পোনার উৎপাদন ও ব্যবসা দুটোই বেড়েছে।
স্থানীয় ও দূর-দূরান্তের ক্রেতাদের সমাগমে প্রতিদিনই প্রাণচঞ্চল হয়ে ওঠে জায়গাটি। ভোর হতে না-হতেই চাঁচড়া চেকপোস্ট মোড় থেকে বিশাল এলাকাজুড়ে সড়কের দুই ধারে প্রচুরসংখ্যক ট্রাক, পিকআপ, ইঞ্জিনচালিত নছিমন, আলমসাধু প্রভৃতি গাড়ি এসে মাছ বোঝাইয়ের অপেক্ষায় থাকে। এসব গাড়িতে করেই কাছে-দূরের গন্তব্যে রেণু পোনা নিয়ে যান ব্যাপারীরা।
চাঁচড়া হ্যাচারি মালিক সমিতির সভাপতি ফিরোজ খান সম্প্রতি প্রথম আলোকে বলেন, গত এক যুগে এবারের মতো ভালো আবহাওয়া পাওয়া যায়নি। আগাম বৃষ্টিপাতের ফলে এ বছর অন্তত দুই মাস আগেই রেণু পোনার উৎপাদন শুরু হয়। তাপমাত্রা অনুকূল থাকায় ডিম ফোটার হার যেমন অত্যন্ত আশাব্যঞ্জক, তেমনি রেণুর চাহিদাও ব্যাপক। এতে ভালো ব্যবসা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
স্থানীয় হ্যাচারি মালিক সমিতির নেতারা জানান, বর্তমানে এ সংগঠনভুক্ত ৪২টি হ্যাচারিতে একযোগে প্রতি শুক্রবার রুই, কাতলা, থাই পাঙাশ, শিং, কই, মাগুর, সিলভার কার্প, কালবাউশ, মিরর কার্প, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির মাছের সাত থেকে আট হাজার কেজি রেণু পোনা উৎপাদন করা হয়। মাসে মোট উৎপাদন হয় ২৮ থেকে ৩২ হাজার কেজি রেণু পোনা। প্রতি কেজি রেণু গড়ে দুই হাজার টাকা দরে বিক্রি হয়। সেই হিসাবে মাসে এখানে পাঁচ কোটি ৬০ লাখ থেকে ছয় কোটি ৪০ হাজার টাকার রেণু পোনা বিক্রি হয়।
এসব পোনা বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, কুষ্টিয়া, পাবনা, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা, নড়াইল, শরীয়তপুর, মাদারীপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হয়।
ফিরোজ খান দাবি করেন, দেশে রেণু পোনার মোট চাহিদার ৬০ থেকে ৬৫ শতাংশ পূরণ করে যশোরের হ্যাচারিগুলো। আর রেণু পোনা উৎপাদন ও বিক্রির সঙ্গে পরোক্ষ ও প্রত্যক্ষভাবে দুই থেকে আড়াই লাখ মানুষ জড়িত রয়েছেন।
অবশ্য হ্যাচারি মালিক সমিতির দেওয়া তথ্যের সঙ্গে কিছুটা দ্বিমত রয়েছে মৎস্য বিভাগের। জেলা মৎস্য কর্মকর্তা রমজান আলী প্রথম আলোকে বলেন, দেশে মোট চাহিদার ৪০ শতাংশ রেণু পোনা উৎপাদন হয় যশোরে। এখানে প্রতি সপ্তাহে অন্তত ১০টি প্রজাতির চার থেকে পাঁচ হাজার কেজি রেণু পোনা উৎপাদন হয়। উন্নতমানের মা মাছ সরবরাহের তথ্য দিয়ে তিনি জানান, হ্যাচারির মালিকেরা বৈজ্ঞানিক পদ্ধতিতে ওয়াটার প্যারামিটার নিয়ন্ত্রণ করায় পানিতে ডিম ফোটার হার এখন ৯০ শতাংশ ছাড়িয়ে গেছে। ইতিপূর্বে এই হার ছিল ৩০ থেকে ৪০ শতাংশ।
হ্যাচারির মালিকেরা জানান, এবার ব্যবসা ভালো হলেও গত কয়েক বছরে বিরূপ আবহাওয়াসহ বিভিন্ন সমস্যায় লোকসানের মুখে পড়ে ৪৫টি প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে।