যশোরে চামড়া ব্যবসায়ীরা ক্ষতির মুখে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা হরতালের কারণে দেশের অন্যতম চামড়ার মোকাম যশোরের রাজারহাট থেকে কাঁচা চামড়া ট্যানারিতে পাঠানো যাচ্ছে না। যে কারণে চামড়া পচে বড় ধরনের লোকসানের আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।
রাজারহাটে প্রতি শনি ও মঙ্গলবার পাইকারি চামড়ার হাট বসে। দক্ষিণাঞ্চলের অন্তত ১০টি জেলার ব্যবসায়ীরা এ মোকামে চামড়া কেনাবেচা করেন। ব্যবসায়ীরা জানান, গত শনিবার জমজমাট কেনাবেচা হলেও রোববার থেকে টানা ৮৪ ঘণ্টার হরতাল শুরু হওয়ায় তাঁরা কাঁচা চামড়া বাইরে পাঠাতে পারেননি।
যে কারণে চামড়া সংরক্ষণে লবণ মাখানো ও গুদাম ভাড়ায় তাঁদের অতিরিক্ত অর্থ ব্যয় হচ্ছে। অন্যদিকে চামড়া বিক্রি করতে না পারার কারণে দুরবস্থায় পড়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরাও।
ব্যবসায়ী আবদুল মাজেদ জানান, গত শনিবারে কেনা এক হাজার গরুর চামড়া তিনি হরতালের কারণে ঢাকায় পাঠাতে পারেননি। তাই নতুন করে লবণ মাখাতে প্রতিটি চামড়ায় অতিরিক্ত প্রায় ১০০ টাকা খরচ হয়েছে। হরতাল না থাকলে বাড়তি খরচটা হতো না বলে তিনি উল্লেখ করেন।
যশোর জেলা চামড়া ব্যবসায়ী সমিতির সভাপতি আলাউদ্দীন মুকুল প্রথম আলোকে বলেন, বর্তমানে রাজারহাটে ২০ হাজারের মতো কাঁচা চামড়ার মজুত রয়েছে, যা ঢাকা ও নাটোরের ট্যানারি শিল্পে পাঠানোর অপেক্ষায় রয়েছে।
আলাউদ্দীন আরও বলেন, ক্ষুদ্র ব্যবসায়ীরা সমিতির ঋণ ও মহাজনদের কাছ থেকে টাকা ধার নিয়ে ব্যবসা করেন। হরতালের কারণে তাঁরা সমিতি থেকে নেওয়া টাকার কিস্তি পরিশোধকরতে পারছেন না। এতে চরম বিপাকে পড়তে হচ্ছে তাঁদের।