যশোরে ডলার সংকটে ভোগান্তি বিদেশগামীদের
যশোরে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের শাখাগুলোতে কয়েক সপ্তাহ ধরে মার্কিন ডলারের সংকট চলছে। এতে এ অঞ্চলের বিদেশগামী মানুষের ভোগান্তি বেড়েছে। কারণ তাঁদের এখন হয় অপেক্ষা করতে হচ্ছে, না হয় খুলনা বা ঢাকায় গিয়ে ডলার সংগ্রহ করতে হচ্ছে।
বিভিন্ন পর্যায়ে কথা বলে জানা গেছে, ভারতে গত নভেম্বরে ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিল হওয়ার পর থেকে দেশে চিকিৎসা ও ভ্রমণের জন্য ভারতগামী মানুষের কাছে ডলারের চাহিদা বেড়েছে। অন্যদিকে দেশে সরকারি-বেসরকারি ব্যাংকগুলোতে নগদ ডলারের অভাব থাকায় তারা গ্রাহকদের চাহিদা মেটাতে পারছে না।
যশোর সদর উপজেলার খোজারহাট গ্রামের আব্দুল্লাহ আল মামুন প্রথম আলোকে বলেন, ‘এক মাস ধরে যশোর শহরে অন্তত ১০টি ব্যাংকের শাখায় গিয়েছি। কিন্তু কোনো ব্যাংক থেকেই ডলার সংগ্রহ করতে পারিনি। যে কারণে ভারতে যাওয়া আটকে গেছে।’ মাসখানেক চেষ্টা করেও ডলার না পাওয়ার হতাশার কথা জানালেন চাঁচড়া গ্রামের জাহিদ হাসান।
সোনালী ব্যাংক যশোর করপোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক সাজ্জাদুল আলম ডিসেম্বর মাস থেকে সংকট চলছে জানিয়ে প্রথম আলোকে বলেন, ‘স্থানীয়ভাবে কমিশনের ভিত্তিতে ডলার কেনাবেচা করি।’
উত্তরা ব্যাংকের যশোর শাখার ব্যবস্থাপক শাহ আলমও বলেন, আপাতত তাঁদের কাছে কোনো ডলার নেই।
তবে ইসলামী ব্যাংকের যশোর শাখার একজন কর্মকর্তা বলেন, ‘সপ্তাহখানেক আগে ডলারের তীব্র সংকট ছিল। এখন আমাদের শাখায় ডলার পাওয়া যাচ্ছে। কিন্তু নিজস্ব গ্রাহক ছাড়া দেওয়া হচ্ছে না।’
বেনাপোল অভিবাসন পুলিশ কার্যালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশের বেনাপোল ও ভারতের পেট্রাপোল স্থলবন্দর দিয়ে প্রতিদিন অন্তত পাঁচ হাজার মানুষ উভয় দেশে যাতায়াত করেন।
যশোর শহরে বর্তমানে সরকারি-বেসরকারি মিলিয়ে বিভিন্ন ব্যাংকের ৩৮টি শাখা রয়েছে। কিন্তু এসব শাখায় মাসে ডলারের কী পরিমাণ চাহিদা রয়েছে সেই সম্পর্কে তেমন কোনো ধারণা নেই বলে জানান স্থানীয় ব্যাংকাররা।