যশোরে দুই দিনে ৩০ কোটি টাকার চামড়া কেনাবেচা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের অন্যতম বৃহৎ চামড়ার মোকাম যশোরের রাজারহাটে দুই দিনে ৩০ কোটি টাকার পশুর চামড়া কেনাবেচা হয়েছে। এর মধ্যে গতকাল শনিবার ২০ কোটি টাকার ও ঈদের পর মঙ্গলবার প্রথম হাটের দিনে ১০ কোটি টাকার কেনাবেচা হয়। বৃহত্তর যশোর জেলা চামড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলাউদ্দীন মুকুল প্রথম আলোকে বলেন, ‘বাণিজ্যমন্ত্রী কাঁচা চামড়া রপ্তানির ঘোষণা দেওয়ায় বাজার চাঙা হয়ে উঠেছে। যে কারণে শনিবার যশোরের রাজারহাটে চড়া দামে চামড়ার বেচাকেনা হয়েছে।’ আলাউদ্দীন মুকুল ঈদের পরে দুই হাটবারে রাজারহাটে ৩০ কোটি টাকার কেনাবেচার উল্লেখ করে জানান, মোকামের খাজনা আদায়ের ওপর ভিত্তি করে এই হিসাব বের করা হয়েছে। এ ছাড়া প্রশাসনের নজরদারির কারণে এবারে চোরাই পথে ভারতে চামড়া পাচার হয়নি বলে তিনি দাবি করেন। জানা গেছে, রাজারহাটে গতকাল প্রতি বর্গফুট উন্নতমানের গরুর চামড়া ৮৫ থেকে ৯০ টাকা ও নিম্নমানের ৪৫ থেকে ৫০ টাকা এবং উন্নতমানের ছাগলের চামড়া ৫০ থেকে ৬০ টাকা ও নিম্নমানের ৪০ থেকে ৪৫ টাকা দরে কেনাবেচা হয়েছে।