যশোরে পাঁচটি শিল্পের পাঁচ হাজার শ্রমিককে দক্ষ করে তোলা হবে
যশোরে আগামী দুই বছরে সুচিশিল্প, মোটরযান মেরামত, প্লাস্টিক রিসাইক্লিং (পরিশোধন), মাশরুম চাষ ও বৈদ্যুতিক সরঞ্জাম তৈরি—এই পাঁচ ধরনের কারখানার অন্তত পাঁচ হাজার শ্রমিককে বিনা মূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে।‘শহরে অংশীদারিত্বের মাধ্যমে দারিদ্র্য হ্রাসকরণ’ (ইউপিপিআর) শীর্ষক প্রকল্পের ব্যবস্থাপক শফিউল্লাহ গতকাল বৃহস্পতিবার এক কর্মশালায় প্রথম আলোকে এই তথ্য জানান। তিনি বলেন, এর ফলে স্থানীয়ভাবে ব্যবসাপ্রতিষ্ঠানের উন্নয়ন ঘটবে। সেই সঙ্গে এ অঞ্চলের বেকারত্বও দূর হবে।প্রকল্পটির গবেষণার ফলাফল উপস্থাপন উপলক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। এটির উদ্বোধন করেন যশোর পৌরসভার মেয়র এস এম কামরুজ্জামান।এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) উপপরিচালক গগন রাজভান্ডারি, বেসরকারি সংস্থা রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশনের (আরআরএফ) নির্বাহী পরিচালক ফিলিপ বিশ্বাস, ইউপিপিআর প্রকল্পের শহর ব্যবস্থাপক শফিউল্লাহ প্রমুখ।আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সহযোগিতায় শহরের মিশনপাড়ায় একটি বেসরকারি সংস্থার সম্মেলনকক্ষে দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করা হয়।