যশোরে সবজি ও ফুল সংরক্ষণে হিমাগার স্থাপনের উদ্যোগ
হিমাগার না থাকায় ও পরিবহনব্যবস্থার দুর্বলতার কারণে যশোর অঞ্চলে উৎপাদিত সবজি ও ফুলের ২০ শতাংশ প্রতিদিন নষ্ট হচ্ছে। সে জন্য ৫০ মেট্রিক টন ধারণক্ষমতার একটি হিমাগার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।স্থানীয় জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান সম্প্রতি যশোর প্রেসক্লাব আয়োজিত এক ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এ তথ্য জানান। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রেসক্লাবের সম্পাদক আহসান কবীর। এতে বিভিন্ন পত্রিকা ও টেলিভিশন চ্যানেলের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।মোস্তাফিজুর রহমান জানান, যশোর অঞ্চলে উৎপাদিত ফুল ও সবজি দুবাই পাঠানোর লক্ষ্যে একটি কার্গো বিমান চালুর জন্য মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠানো হয়েছে। যশোর বিমানবন্দর থেকে সপ্তাহে অন্তত একটি কার্গো ফ্লাইট উড়লে এ অঞ্চলের অর্থনীতির নতুন দ্বার উন্মোচিত হবে।এ ছাড়া সবজি ও ফুল পরিবহনের জন্য বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মাধ্যমে শিগগিরই একটি বা দুটি বিশেষ ভ্যান চালু করা হবে বলে মোস্তাফিজুর রহমান উল্লেখ করেন।অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে জেলা প্রশাসক বলেন, যশোরের আঞ্চলিক পাসপোর্ট অফিসসংলগ্ন এলাকায় ২ দশমিক ৬ একর জায়গার ওপর একটি তথ্যপ্রযুক্তি (আইটি) পার্ক স্থাপনের জন্য স্থান নির্ধারণ করা হয়েছে। শিগগিরই এ পার্কের কাজ শুরু করা হবে।