যশোরে ১২ দিনেও তাঁতবস্ত্র-হস্তশিল্প মেলা জমেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারে ১১ দিন পরেও যশোরে তাঁতবস্ত্র ও হস্তশিল্প মেলা জমে ওঠেনি।মেলায় স্থানীয়দের পাশাপাশি ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, কক্সবাজারসহ বিভিন্ন অঞ্চল থেকে আসা ব্যবসায়ীরা মোট ৬১টি স্টল ও ছয়টি প্যাভিলিয়নে নানা রকমের পণ্যের পসরা সাজিয়ে বসলেও ক্রেতার উপস্থিতি তেমন একটা চোখে পড়ে না। যে কারণে স্টল-প্যাভিলিয়নের মালিকেরা এখন লোকসানের আশঙ্কায় রয়েছেন।ঢাকাভিত্তিক বেনারসি বস্ত্রশিল্পের সংগঠন গণচেতনা যশোর টাউন হল মাঠে মাসব্যাপী এ মেলার আয়োজন করেছে। স্থানীয় জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান ১৪ জুন মেলার উদ্বোধন করেন।কক্সবাজার থেকে আসা ঝিনুক অ্যান্ড বার্মিজ কালেকশনের স্বত্বাধিকারী মো. শাহজাহান প্রথম আলোকে জানান, যশোরে এ নিয়ে পঞ্চমবারের মতো তিনি মেলায় অংশ নিয়েছেন। কিন্তু আগে কখনো মেলা এবারের মতো ক্রেতাশূন্য ছিল না। নারায়ণগঞ্জের সালমান জামদানি উইভিং ফ্যাক্টরির মো. পারভেজ বলেন, দু-একজন ক্রেতা-দর্শক এলেও তারা শুধু দেখছে, কিন্তু কিনছে না।সরেজমিনে গত সোমবার মেলায় গিয়ে তেমন লোকজন দেখা যায়নি। স্কুল-কলেজের কয়েকজন শিক্ষার্থী ঘুরে ঘুরে স্টল-প্যাভিলিয়নগুলো দেখছে। তাদের অনেকের বক্তব্য হলো, যশোরের হাটবাজারে যেসব জিনিস রয়েছে, মেলাতেও সেগুলো বিক্রি হচ্ছে। এর ওপর দামও অনেক বেশি।মেলার আয়োজক সংগঠন গণচেতনার সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন প্রথম আলোকে জানান, তাঁরা প্রতিদিন শহরে মাইক বাজিয়ে ক্রেতা-দর্শনার্থী আকৃষ্ট করার চেষ্টা করছেন।