যশোরের চামড়ার হাট চাঙা, ব্যবসায়ীরা খুশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোরবানি-পরবর্তী দ্বিতীয় হাটবারে গতকাল যশোরের রাজারহাটে বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা বিক্রির জন্য প্রচুর চামড়া নিয়ে আসেন l প্রথম আলো
কোরবানি-পরবর্তী দ্বিতীয় হাটবারে গতকাল যশোরের রাজারহাটে বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা বিক্রির জন্য প্রচুর চামড়া নিয়ে আসেন l প্রথম আলো

দক্ষিণাঞ্চলের বৃহত্তম চামড়ার মোকাম যশোরের রাজারহাটে অবশেষে চাঙাভাব ফিরেছে। কোরবানি ঈদের পর দ্বিতীয় হাটের দিন গতকাল শনিবার অন্তত পাঁচ কোটি টাকার চামড়া নগদ বেচাকেনা হয়েছে। ন্যায্য দাম পেয়ে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের মুখে হাসি ফুটেছে।
যশোর-খুলনা জাতীয় মহাসড়কের রাজারহাট এলাকায় এ চামড়ার মোকাম। গতকাল হাটে চামড়ার সরবরাহ ছিল অনেক। অনেক ব্যবসায়ী হাটে চামড়া রাখার জায়গা পর্যন্ত পাননি। ফলে বাধ্য হয়ে অনেকে রাস্তার ওপর চামড়া নিয়ে বসেন। আর সেসব চামড়া কিনতে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আড়তদারেরা আসেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাজারে ভিড় বাড়ে। ট্যানারি শিল্পে দেওয়ার জন্য স্থানীয় আড়তদারেরা চামড়া কিনে মজুত করেন।
১২৫টি গরু ও ৩৫০টি ছাগলের চামড়া নিয়ে গতকাল রাজারহাটে আসেন যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী রাজু বাবু। ভালো মানের প্রতিটি গরুর চামড়া দেড় হাজার টাকা ও ১২০ টাকা দরে ছাগলের চামড়া বিক্রি করেন তিনি।
জানতে চাইলে রাজু বাবু বলেন, ‘২ লাখ ৩০ হাজার টাকার চামড়া বিক্রি করে ৪০ হাজার টাকা লাভ হয়েছে। প্রথম হাটে এমন চাঙাভাব থাকলে লাখ টাকার ওপরে লাভ হতো।’
রাজারহাট চামড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আবদুল খালেক বলেন, ‘হাটে চাঙাভাব ফিরে এসেছে। লবণের দামও কমেছে। যে কারণে ট্যানারি শিল্প ও ঢাকার বড় ব্যবসায়ীদের দেওয়ার জন্য পাঁচ লাখ টাকার গরুর চামড়া মজুত করেছি।’ এভাবে চললে তৃণমূলের ব্যবসায়ীরা ভালো থাকবেন বলে তিনি জানান।
জানতে চাইলে বৃহত্তম যশোর জেলা চামড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলাউদ্দীন মুকুল জানান, চালানের হিসাব অনুযায়ী গতকাল রাজারহাটে পাঁচ কোটি টাকার চামড়া কেনাবেচা হয়েছে। এর মধ্যে চার কোটি টাকার গরু ও এক কোটি টাকার ছাগলসহ অন্যান্য পশুর চামড়া।’