যশোরের নওয়াপাড়ায় নতুন কর সার্কেলের যাত্রা শুরু
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় গতকাল মঙ্গলবার নতুন কর সার্কেলের যাত্রা শুরু হয়েছে। অভয়নগর, মনিরামপুর ও কেশবপুর উপজেলার প্রায় চার হাজার করদাতা এই সার্কেলের অন্তর্ভুক্ত হবেন বলে কর বিভাগের কর্মকর্তারা জানান।যশোর জেলা পরিষদের প্রশাসক শাহ হাদিউজ্জামান নওয়াপাড়া বুড়িরঘাট এলাকায় নতুন এই কর সার্কেলের উদ্বোধন করেন। খুলনা কর অঞ্চলের কমিশনার মো. দবির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন খুলনার অতিরিক্ত কর কমিশনার মো. গোলাম মোস্তফা।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলার চেয়ারম্যান আবদুল মালেক, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বাস রাসেল হোসেন, খুলনা কর অঞ্চলের উপকমিশনার মো. মঞ্জুর আলম, উপকর কমিশনার গণেশ চন্দ্র মণ্ডল, সার্কেল-১১ নওয়াপাড়ার সহকারী কর কমিশনার মো. সিরাজুম মনীর, নওয়াপাড়া বাজার কমিটির সভাপতি গাজী নজরুল ইসলাম এবং নওয়াপাড়া সার, সিমেন্ট ও খাদ্যশস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল গণি সরদার।বক্তারা আশা প্রকাশ করে বলেন, আয়কর প্রদানে জনমনে যে ভীতি রয়েছে, তা নতুন এই কর সার্কেলের যাত্রা শুরুর ফলে দূর হবে।এদিকে উদ্বোধনী অনুষ্ঠানের পর তাৎক্ষণিক মূল্যায়ন কার্যক্রমের আওতায় এলাকার ২০৬ জন ব্যক্তি নতুন করদাতা হিসেবে তাঁদের নাম অন্তর্ভুক্ত করেন।