যাঁদের দিতেই হবে
কোনো ব্যক্তির বার্ষিক আয় যদি এক লাখ ৬৫ হাজার টাকার বেশি হয়, তাঁকে অবশ্যই তাঁর সব খাতের আয় প্রদর্শন করে আয়কর বিবরণী বা রিটার্ন দাখিল করতে হবে। তবে মহিলা করদাতা ও ৬৫ বছর বা তার বেশি বয়সের করদাতার আয় যদি বছরে এক লাখ ৮০ হাজার টাকার বেশি হয় তাহলেও তাঁকে রিটার্ন দিতে হবে। আরও কিছু লোককে রিটার্ন দিতে হবে তাঁদের আয়ের পরিমাণ যাই হোক না কেন। যেমন, ১. বিভাগীয় বা জেলা সদরে, পৌরসভা, সিটি করপোরেশনের আওতায় বাস করেন এমন কারও যদি—ক. একতলার অধিক বাড়ি থাকে এবং প্রতি তলার আয়তন এক হাজার ৬০০ বর্গফুটের বেশি হয়; খ. একটি মোটর গাড়ি থাকে; গ. একটি আইএসডি টেলিফোন থাকে; ঘ. মূল্য সংযোজন কর আইনে রেজিস্ট্রিকৃত একটি ক্লাবের সদস্য পদ থাকে। ২. ট্রেড লাইসেন্স ও ব্যাংক একাউন্ট আছে এমন ব্যবসায়ী। ৩. ডাক্তার (দাঁতের ডাক্তারসহ) ইঞ্জিনিয়ার, স্থপতি, আইনজীবী, চার্টার্ড একাউন্টেন্ট, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট একাউন্টেন্ট কিংবা অনুরূপ কোনো পেশাজীবী সংস্থার সদস্য। ৪. চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ বা ট্রেড অ্যাসোসিয়েশনের সদস্য। ৫. ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি করপোরেশন বা জাতীয় সংসদের কোনো পদে নির্বাচনে অংশগ্রহণকারী। ৬. সরকারি, আধাসরকারি বা স্বায়ত্তশাসিত সংস্থা বা স্থানীয় কর্তৃপক্ষের ডাকা টেন্ডারে অংশগ্রহণকারী। ৭. যাঁর টিআইএন আছে । ৮. চলতি বছরের আগের তিন বছরে কখনো যাঁর আয় করযোগ্য ছিল। ৯. যিনি করদাতা হওয়ার ইচ্ছা পোষণ করেন।