যাত্রা শুরু ব্রিকস ব্যাংকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

এবারে বিশ্বের পাঁচ বৃহৎ উদীয়মান অর্থনীতির জোট ব্রিকসের উদ্যোগে চীনের সাংহাইয়ে গতকাল নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি) নামে নতুন একটি আন্তর্জাতিক ব্যাংক যাত্রা শুরু করেছে। এটি ব্রিকস ব্যাংক নামেও পরিচিত।
ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা—এই পাঁচটি দেশের আদ্যক্ষর নিয়েই নামকরণ হয় ব্রিকস জোটের।
ব্রিকস জোটের সদস্যদের পাশাপাশি উন্নয়নশীল দেশগুলোতেও অবকাঠামো খাত এবং উন্নয়নমূলক প্রকল্পসমূহে ঋণ দেবে এনডিবি। আগামী বছরের গোড়ার দিকে ব্যাংকটি প্রথম ঋণ বিতরণ হবে বলে ধারণা করা হচ্ছে।
অনেকেই মনে করেন, বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিকল্প প্রতিষ্ঠান হিসেবে এনডিবি যাত্রা শুরু করেছে। তবে ব্যাংকটির পাঁচ উদ্যোক্তা দেশ তা মানতে নারাজ। তাদের দাবি, এই প্রতিষ্ঠান বিশ্বব্যাংক ও আইএমএফের প্রতিদ্বন্দ্বী নয়।
এনডিবির প্রথম প্রেসিডেন্ট ভারতের কুন্দাপুর ভামান কামাথ বলেন, ‘বিদ্যমান ব্যবস্থাকে চ্যালেঞ্জ করা আমাদের উদ্দেশ্য নয়। বরং বর্তমান ব্যবস্থাকে নিজস্ব উপায়ে উন্নত ও পরিপূরক করে তোলাই আমাদের লক্ষ্য।’
উন্নয়নশীল দেশগুলোকে পর্যাপ্ত ভোটিং পাওয়ার বা ভোট দেওয়ার ক্ষমতা না দেওয়ায় ব্রিকস সদস্যরা বিশ্বব্যাংক ও আইএমএফের কঠোর সমালোচনা করে আসছে। এনডিবিতে সব সদস্যের ভোটের ক্ষমতা ও মূলধন সমান হবে।
এনডিবির প্রাথমিক মূলধন পাঁচ হাজার কোটি মার্কিন ডলার। তবে আগামী কয়েক বছরের মধ্যে মূলধনের পরিমাণ দ্বিগুণ অর্থাৎ ১০ হাজার কোটি ডলারে উন্নীত করা হবে। সদস্য দেশগুলো পালাক্রমে এই ব্যাংকের নেতৃত্ব দেবে।
ব্রিকস জোটে ২০১২ সালে এই ব্যাংক প্রতিষ্ঠার প্রস্তাব ওঠে। কিন্তু এটির প্রধান কার্যালয়, ব্যবস্থাপনা ও তহবিল গঠন নিয়ে উদ্যোক্তাদের মধ্যে দর-কষাকষি দেখা দেওয়ায় প্রতিষ্ঠানটির যাত্রা বিলম্বিত হয়।
চীনের নেতৃত্বে গত জুনে এআইআইবির যাত্রা শুরু হয়। বাংলাদেশসহ ৫০টি দেশ এটির প্রতিষ্ঠাতা সদস্য। ব্যাংকটির মূলধন হলো ১০ হাজার কোটি ডলার।
চীনের অর্থমন্ত্রী লৌউ জিওয়েই এনডিবি সম্পর্কে বলেন, উদীয়মান ও উন্নয়নশীল দেশগুলো দীর্ঘদিন ধরেই অবকাঠামো খাতের প্রকল্পে ঋণ-সহায়তা পাওয়ার ক্ষেত্রে সমস্যায় রয়েছে। তাই এনডিবি সেসব দেশকে অবকাঠামো খাতে সহায়তা দেবে, যাতে তাদের অর্থনৈতিক উন্নয়ন ও সমন্বয় ত্বরান্বিত হয়।
সূত্র: বিবিসি, রয়টার্স।