যাদের আয় আছে প্রত্যেকের ওপর কর বসবে: অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, যাদের ন্যূনতম একটা আয় আছে, প্রত্যেকের ওপরে ট্যাক্স বসবে। গত সোমবার সিলেটের কেন্দ্রীয় ঈদগাহে ঈদের জামাতের প্রস্তুতি পরিদর্শনকালে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন। দুই বছরের মধ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, এখন ১৬ হাজার টাকার কম বেতনের লোক কমই আছে। একজন পিয়নও এখন ১১-১২ হাজার টাকা বেতন পায়। তাই সবার ওপর কর আরোপের একটা চিন্তাভাবনা চলছে।
বেসরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে করারোপ হবে কি না—এমন প্রশ্নের পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রী বলেন, ‘বেসরকারি চাকরিজীবীদের আয়ের ব্যাপারে সরকারের ধারণা আছে। আমরা সেই অনুযায়ী কর আরোপ করব।’ কবে নাগাদ তা বাস্তবায়ন হবে—জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘আগামী বছর পারব কি না, জানি না। পরের বছর থেকে কার্যকর করা হবে।’
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় ফরাসউদ্দিন কমিটির তদন্ত প্রতিবেদন ২২ থেকে ২৪ সেপ্টেম্বরের মধ্যে জনসমক্ষে প্রকাশ করা হবে বলেও জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘রিজার্ভ চুরির ঘটনায় তদন্ত প্রতিবেদন ২২-২৪ তারিখের মধ্যে পাবলিক করা হবে, এতে বাংলাদেশ ব্যাংকের কেউ জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’