শিল্পমন্ত্রীর সঙ্গে বৈঠকে ডিসিসিআই
যানজট নিরসনে ঢাকা শহরের বাইরে চারটি শিল্প এলাকা গঠনের প্রস্তাব
রাজধানীর যানজট নিরসনের জন্য ঢাকা শহরের চার পাশে চারটি শিল্প এলাকা গঠনের প্রস্তাব করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) নবনির্বাচিত পরিচালনা পর্ষদ। একই সঙ্গে তারা বলেছে, শিল্প খাতে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জনের জন্য পুরান ঢাকার পাদুকা ও অভ্যন্তরীণ তৈরি পোশাকশিল্প কারখানাগুলো শহরের বাইরে পৃথক শিল্পপার্কে স্থানান্তরের উদ্যোগ নিতে হবে। এ ক্ষেত্রে কেরানীগঞ্জের সোনাকান্দা এলাকাটি সম্ভাবনাময় স্থান হতে পারে বলে ডিসিসিআইয়ের নেতারা উল্লেখ করেন। ডিসিসিআইয়ের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সদস্যরা গতকাল বুধবার শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়ার সঙ্গে তাঁর মন্ত্রণালয়ে বৈঠককালে এ প্রস্তাব দেন। ডিসিসিআইয়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন এর সভাপতি আসিফ ইব্রাহিম।বৈঠকে অন্যান্যের মধ্যে শিল্পসচিব কে এইচ মাসুদ সিদ্দিকী ও ডিসিসিআইয়ের ঊর্ধ্বতন সহসভাপতি টি আই এম নূরুল কবির, সহসভাপতি নাসির হোসেন, পরিচালক ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, আবু হোরায়রা, নিয়াজ রহিম, মো. সিরাজুল ইসলাম ও এম বশির উল্লাহ ভূঁইয়াসহ পরিচালকেরা উপস্থিত ছিলেন।বৈঠক সূত্রে জানা গেছে, ডিসিসিআই দেশের রুগ্ণ শিল্পগুলোর সমস্যা সমাধানে একটি ‘রুগ্ণ শিল্প কমিশন’ গঠনের প্রস্তাব করে।শিল্পমন্ত্রী বলেন, নেতিবাচক রাজনীতি ও প্রচারণা দেশে অর্থনৈতিক অগ্রগতির অন্যতম প্রধান অন্তরায় হয়ে আছে। দেশকে শিল্পায়িত করতে হলে সবাইকে জাতীয় স্বার্থে ইতিবাচক চিন্তা নিয়ে কাজ করতে হবে। তিনি বলেন, শিল্প মন্ত্রণালয় গত দুই বছরে বেসরকারি উদ্যোক্তাদের কারিগরিসহ প্রয়োজনীয় সব সহায়তা দিয়ে শিল্পায়ন কার্যক্রম জোরদার করেছে। এর ফলে বাংলাদেশ ইতিমধ্যে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।দিলীপ বড়ুয়া শিল্পনির্ভর অর্থনীতি গড়ে তুলতে তাঁর মন্ত্রণালয় বেসরকারি উদ্যোক্তাদের সঙ্গে নিবিড় যোগাযোগ ও অংশীদারির মাধ্যমে কাজ করবে বলে জানান।আসিফ ইব্রাহীম বলেন, বর্তমান সরকার ঘোষিত রূপকল্প-২০২১-এর মাধ্যমে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। এই রূপকল্পের ওপর ভিত্তি করে বাংলাদেশ ২০৩০ সালের মধ্যে বিশ্বের ৩০তম বৃহৎ অর্থনীতির দেশে উন্নীত হতে পারে বলে ডিসিসিআই মনে করে।আসিফ ইব্রাহীম আরও বলেন, উন্নত অবকাঠামোর অভাব, বিদ্যুৎ-জ্বালানির অপ্রতুলতা, যোগাযোগ সমস্যা, ঋণের উচ্চসুদের হার এবং আধুনিক প্রযুক্তিস্বল্পতার কারণে দেশের শিল্পায়ন-প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। সে জন্য তিনি বাংলাদেশের নেতিবাচক ভাবমূর্তি, ভূমির অপ্রতুলতা, জ্বালানি সমস্যা পিপিপির আওতায় সমাধানের প্রস্তাব দেন। তিনি কৃষিভিত্তিক নীতিমালা প্রণয়নের ওপর জোর দিয়ে ঢাকা শহরের ওপর চাপ কমানোর আহ্বান জানান।বৈঠকে ডিসিসিআইয়ের নেতারা হালকা প্রকৌশল, ইলেকট্রনিকস ও খাদ্য প্রক্রিয়াজাতকরণের মতো ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নে শিল্প মন্ত্রণালয়ের আওতায় আর্থিক সহায়তা প্রদানের দাবি জানান। তাঁরা পচনশীল দ্রব্য উৎপাদনকারী এলাকায় হিমাগার নির্মাণের জন্য বিশেষ সহায়তা দেওয়ার জন্য শিল্পমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।