যানজটে ভুগছে নবাবপুরের ব্যবসা
সড়কের দুই পাশে সারি সারি দোকান। হার্ডওয়্যার, মেশিনারি আর ইলেকট্রিকের এমন কোনো পণ্য নেই, যা এখানে পাওয়া যায় না। প্রতিদিনই সারা দেশের খুচরা কিংবা পাইকারি ব্যবসায়ীরা ভিড় করেন। তাই সকাল থেকে রাত পর্যন্ত এখানে কর্মব্যস্ততা। এটি পুরোনো ঢাকার অন্যতম বাণিজ্যিক এলাকা নবাবপুরের স্বাভাবিক চিত্র। দিনকে দিন বাড়ছে এর পরিসর। মূল সড়ক থেকে অলিগলিতে ছড়িয়ে যাচ্ছে ব্যবসা। দিনে প্রায় কয়েক কোটি টাকার লেনদেন হচ্ছে দেশের বৃহত্তম হার্ডওয়্যার, মেশিনারি আর ইলেকট্রিক পণ্যের এই পাইকারি বাজারে। তবে একাধিক ব্যবসায়ী নেতার দাবি, নবাবপুরের আগের অবস্থা আর নেই। ব্যবসা ঝিমিয়ে পড়ছে। একমাত্র কারণ যানজট। আর তাই বাইরের ব্যবসায়ী ক্রেতারা এখানকার ঝক্কিঝামেলা এড়িয়ে বিকল্প জায়গা থেকে পণ্য কিনতে আগ্রহ দেখাচ্ছেন। খোঁজ নিয়ে জানা যায়, ব্রিটিশ আমল থেকেই নবাবপুর ব্যবসা-বাণিজ্যের বড় কেন্দ্র ছিল। তিন দশক আগেও এখানে হার্ডওয়্যার, মেশিনারি ও ইলেকট্রিক পণ্য ছাড়া জুতা, ছাতা, কাপড়সহ বিভিন্ন পণ্যের দোকান ছিল। কিন্তু অব্যাহত চাহিদা, ভালো যোগাযোগব্যবস্থা আর সুযোগ থাকায় সময়ের ব্যবধানে এই নবাবপুর হয়ে উঠেছে হার্ডওয়্যার, মেশিনারি ও ইলেকট্রিক পণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার। বর্তমানে নবাবপুরে প্রায় ৬৫টি মার্কেটে আড়াই হাজারের মতো ইলেকট্রিক পণ্যের দোকান আছে। অন্যদিকে হার্ডওয়্যার ও মেশিনারিজের দোকান আছে প্রায় তিন হাজার। গুলিস্তান হয়ে নবাবপুর সড়কে প্রবেশ করলেই শত শত ইলেকট্রিক পণ্যের দোকান চোখে পড়বে। বিভিন্ন ধরনের বৈদ্যুতিক বাতি থেকে শুরু করে তার, ফ্যান, সুইচ, সকেট ইত্যাদি পণ্য এখান থেকেই সারা দেশের খুচরা বিক্রেতারা কিনে নিয়ে যান। ব্যবসায়ী মাহবুব হাসান সরকার বলেন, স্বাধীনতার পর থেকে ইলেকট্রিক পণ্যের বাজার নবাবপুরে স্থানান্তরিত হয়। সেই সময় আজিজ ইলেকট্রিক মার্কেটকে কেন্দ্র শুরু হলেও এখন আশপাশের বিভিন্ন অলিতেগলিতে পর্যন্ত ব্যবসাটি ছড়িয়ে গেছে।একসময় দেশের বাইরে থেকেই বেশির ভাগ ইলেকট্রিক পণ্য আমদানি করতে হতো। তবে অবস্থার পরিবর্তন হয়েছে। বেশ কয়েক বছর ধরে বৈদ্যুতিক তার থেকে শুরু করে ফ্যান, সুইচ, সকেট, মাল্টি কট, লাইট ফিটিংস ইত্যাদি মানসম্পন্ন যন্ত্রাংশ দেশেই তৈরি হচ্ছে। এ কারণে ইলেকট্রিক পণ্যের এই বাজারে দেশিপণ্যের জায়গা শক্ত হচ্ছে। জানা যায়, ১৯৬২ সালে তৎকালীন সরকারি প্রতিষ্ঠান ‘পাক কেব্লস’ দেশে প্রথম বৈদ্যুতিক তার উৎপাদন শুরু করে। স্বাধীনতার পর তা ইস্টার্ন কেব্লস নামে উৎপাদন করে। পরে এ খাতে যুক্ত হয় বিআরবি, প্যারাডাইজ, পলি, আজিজ কেব্লসসহ আরও অনেক প্রতিষ্ঠান। বাংলাদেশ ইলেকট্রিক্যাল মার্চেন্টস অ্যান্ড ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশনের (বিইএমএমএ) সহসভাপতি মো. কামাল হোসেন প্রথম আলোকে বলেন, দেশের চাহিদার বড় অংশটাই এখান থেকে প্রত্যন্ত এলাকায় যায়। তবে এখন ব্যবসার ধরন পরিবর্তন হয়ে গেছে। বেশির ভাগ প্রতিষ্ঠানই তাদের নিজস্ব বিক্রয় প্রতিনিধি দিয়ে পণ্যসামগ্রী ক্রেতার দোড়গোড়ায় পৌঁছে দেন। এ ছাড়া নবাবপুরের ভয়াবহ যানজটের কারণে খুব গুরুত্বপূর্ণ না হলে অনেক ব্যবসায়ী এদিকে আসতে চান না।মৌলভীবাজারের যমুনা ইলেকট্রিকের স্বত্বাধিকারী সুব্রত শেখর বৈদ্য বলেন, ‘দোকানে বসেই ছোটখাটো পণ্য কেনা যায়। তার পরও বছরে নবাবপুর অন্তত একবার যেতেই হয়। কারণ যাচাইবাছাই করে মানসম্মত পণ্য কেনার একমাত্র জায়গা একটাই।’পানির পাম্প, মোটর, ড্রিল মেশিন, পাওয়ারটিলার, বিয়ারিং, জেনারেটর, বেল্ট, কম্প্রেসার, স্কেলসহ হাজারও রকমের পণ্য পাওয়া যায় নবাবপুরের হার্ডওয়্যার ও মেশিনারিজ পাইকারি বাজারে। এসব পণ্যের পুরোটাই চীন ও থাইল্যান্ড থেকে আমদানি করা হয়। দেশীয় প্রতিষ্ঠানের প্রস্তুত করা কিছু যন্ত্রাংশ এখানে পাওয়া যায়। তবে তা খুবই অল্প। বাংলাদেশ হার্ডওয়্যার অ্যান্ড মেশিনারি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের ঢাকা সার্কেলের সভাপতি মো. ইকরামউল্লাহ হাবিব বলেন, ‘অতিরিক্ত লোডশেডিংয়ের কারণে ব্যবসায় মন্দা যাচ্ছে। ইলেকট্রিক ও মেশিনারি পণ্য বিদ্যুৎ না থাকলে পরীক্ষা-নিরীক্ষা করা যায় না। এতে ক্রেতা হারাতে হয়। আর যানজট তো আছেই।’ সম্প্রতি নবাবপুর এলাকায় গিয়ে দেখা যায়, দীর্ঘ যানজট। নিজেদের পণ্যসামগ্রী দিয়ে ব্যবসায়ীরা ফুটপাত দখল করে রেখেছেন। এমনকি গাড়ি, মোটরসাইকেল ও ভ্যান রেখে সড়কের অর্ধেকটাই দখল করা হয়েছে। ফলে একমুখী যান-চলাচল হলেও কোনো সুফল নেই। উল্টো পণ্য কিনতে আসা ব্যবসায়ী ক্রেতাদের পড়তে হয় বিপাকে। নবাবপুর দোকান মালিক সমিতির সভাপতি মো. কামাল হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘যানজট নিয়ন্ত্রণে আমরা কমিউনিটি পুলিশ দিয়েছি। কিন্তু কোনো ট্রাফিক এখানে নিয়মিত থাকেন না।’ একজন সার্বক্ষণিক সার্জেন্ট থাকলে অবস্থার উন্নতি হবে বলে মনে করেন তিনি। ভ্যাট কর্মকর্তারা ব্যবসায়ীদের ভয়ভীতি প্রদর্শন করেন বলেও অভিযোগ করেন কামাল হোসেন। তিনি বলেন, ‘আমরা সাংগঠনিকভাবে ভ্যাট দিতে সবাইকে উদ্বুদ্ধ করি। কিন্তু নির্দিষ্ট নীতিমালা না থাকায় ব্যবসায়ীরা হয়রানির শিকার হচ্ছেন।’ বর্তমানের প্যাকেজ পদ্ধতিতে ভ্যাট দেওয়াকে স্থায়ীভাবে অনুসরণ করার দাবি জানান তিনি।