যান্ত্রিক ত্রুটির জন্য ডিএসইতে ১৫ মিনিট বাড়তি লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার বৈদ্যুতিক ত্রুটির কারণে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সোমবার ১৫ মিনিট বেশি লেনদেন হয়েছে। এর ফলে বেলা আড়াইটার পরিবর্তে লেনদেন শেষ হয় পৌনে তিনটায়।
ডিএসই সূত্রে জানা গেছে, গতকাল লেনদেন শেষ হওয়ার নির্ধারিত সময়ের কিছু আগে ১০৭টি ব্রোকারেজ হাউসে বৈদ্যুতিক ত্রুটি দেখা দেয়। এর ফলে ওই সব ব্রোকারেজ হাউসের লেনদেনযন্ত্রের (ট্রেড সার্ভারের) সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। অনেক চেষ্টা করেও নির্ধারিত সময়ের মধ্যে প্রতিষ্ঠানগুলো লেনদেনযন্ত্রের সঙ্গে সংযোগ স্থাপনে ব্যর্থ হয়। এ সংযোগ ফিরে পেতে এবং লেনদেন শেষ করতে ১৫ মিনিট বাড়তি সময় লাগে প্রতিষ্ঠানগুলোর। এ কারণে ডিএসই কর্তৃপক্ষ এদিন সব ব্রোকারেজ হাউসের জন্যই ১৫ মিনিট লেনদেনের সময় বাড়িয়ে দেয়। ডিএসই কর্তৃপক্ষ ওয়েবসাইটের মাধ্যমে লেনদেনের সময় বৃদ্ধির বিষয়টি সবাইকে অবহিত করে।
একাধিক ব্রোকারেজ হাউস থেকে গতকাল টেলিফোনে প্রথম আলোকে আরও একটি অসংগতির কথা জানানো হয়। একাধিক ব্রোকারেজ হাউস জানায়, তাদের নিজস্ব লেনদেনযন্ত্রে (টেসা) এদিন মূল্যবৃদ্ধি ও হ্রাস পাওয়া কোম্পানির সংখ্যার সঙ্গে ডিএসইর ওয়েবসাইটে দেখানো তথ্যের মধ্যে গরমিল ছিল। এ কারণে বিনিয়োগকারী ও সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউসের কর্মকর্তাদের মধ্যে কিছুটা বিভ্রান্তি তৈরি হয়।
এ বিষয়ে ডিএসইর পক্ষ থেকে বলা হয়, বৈদ্যুতিক ত্রুটির কারণে এ ধরনের অসামঞ্জস্য তৈরি হয়ে থাকতে পারে। তবে ডিএসইর দিক থেকে এ ধরনের কোনো ত্রুটি ছিল না বলে জানান সংস্থাটির সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) ইশতিয়াক আহমেদ।
এদিকে আজ মঙ্গলবার থেকে অ্যাপোলো ইস্পাতের শেয়ার লেনদেন শুরু হবে বলে জানিয়েছে ডিএসই। এর আগে ১২ ডিসেম্বর ডিএসইর পরিচালনা পর্ষদের সভায় কোম্পানিটিকে তালিকাভুক্তির অনুমোদন দেওয়া হয়।
অ্যাপোলো ইস্পাত প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর মাধ্যমে বাজার থেকে ২২০ কোটি টাকা সংগ্রহ করেছে। যদিও কোম্পানিটির আইপিও অনুমোদন নিয়ে নানা জটিলতা ছিল। যার কারণে এটির আইপিও চূড়ান্ত অনুমোদনের পরও চাঁদা গ্রহণের ওপর স্থগিতাদেশ আরোপ করে বিএসইসি। পরে বিভিন্ন অভিযোগ তদন্ত শেষে গত আগস্টে এ স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়। ফলে কোম্পানিটি আইপিওর চাঁদা গ্রহণের সুযোগ পায়।
ডিএসইর ওয়েবসাইটে গতকাল প্রকাশিত কোম্পানি-সংক্রান্ত হালনাগাদ তথ্যে বলা হয়েছে, গত ৩০ সেপ্টেম্বর সমাপ্ত ত্রৈমাসিক অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এটির শেয়ার প্রতি আয় বা ইপিএস দাঁড়িয়েছে ৬৬ পয়সায়, যা আগের বছরের একই সময়ের চেয়ে মাত্র দুই পয়সা বেশি।