যায় না কেউ নীল জল দিগন্তে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেন্ট মার্টিনে ছাতা–চেয়ারের ব্যবহার নেই l প্রথম আলো
সেন্ট মার্টিনে ছাতা–চেয়ারের ব্যবহার নেই l প্রথম আলো

‘আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছো ...।’ মৌসুমী ভৌমিকের এই গানের কথার মতো দেশি-বিদেশি শত-সহস্র পর্যটক প্রতিবছর ডিসেম্বর-মার্চ সময়ে সাগরের নীল জলবেষ্টিত প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে ঘুরতে যান।
সে অনুযায়ী কক্সবাজার জেলা প্রশাসন চলতি মৌসুমে টেকনাফ থেকে সমুদ্রপথে সেন্ট মার্টিনে যাত্রী পরিবহনের জন্য আটটি জাহাজ ও অর্ধশতাধিক ট্রলারকে চলাচলের অনুমতি দিয়েছে। কিন্তু টানা অবরোধ-হরতালে টেকনাফ-সেন্ট মার্টিন এখন পর্যটকশূন্য। তাই লোকসান কমাতে জাহাজ চলাচল বন্ধ রেখেছে এগুলোর পরিচালনাকারী সব প্রতিষ্ঠান। ৫ জানুয়ারির পর কেবল একটি জাহাজই সেন্ট মার্টিনে আসা-যাওয়া করেছে।
পর্যটক জাহাজ কেয়ারী সিন্দাবাদের ব্যবস্থাপক শাহ আলম ও এলসিটি কাজলের ব্যবস্থাপক আজিজুর রহমান প্রথম আলোকে জানান, গত বছর এই সময় পর্যটক বহন করে তাঁদের জাহাজগুলো ২০ কোটি টাকার ব্যবসা করেছিল। পর্যটক না থাকায় গত ২০ দিনে কোনো ব্যবসা তো হয়ইনি, বরং উল্টো প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ জন্য তাঁরা জাহাজ চলাচল বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন।
জাহাজের মতো সেন্ট মার্টিনের পর্যটন-সংশ্লিষ্ট প্রতিটি ব্যবসা-প্রতিষ্ঠানগুলোরও একই অবস্থা। জানা গেছে, গত ১৪ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত সেন্ট মার্টিনে প্রায় দুই লাখ পর্যটক এলেও এখন পর্যটকই নেই।
হোটেল-রেস্তোরাঁ ও পর্যটন ব্যবসায়ে জড়িত অন্যান্য প্রতিষ্ঠানে প্রতিদিন আরও প্রায় দেড় কোটি টাকা ক্ষতি হয়। সব মিলিয়ে সেন্ট মার্টিনকেন্দ্রিক পর্যটন ব্যবসায় দৈনিক দুই কোটি টাকার ক্ষতি হচ্ছে।
সরেজমিননে সম্প্রতি সেন্ট মার্টিন ঘুরে দেখা গেছে, বিশাল সৈকত ও বসার ছাতাগুলো ফাঁকা। জেটিসংলগ্ন প্রবেশমুখেও তিন শতাধিক ভ্যানগাড়ি পর্যটক বহনের আশায় দাঁড়িয়ে আছে। কিন্তু কেউ যাত্রী পাচ্ছে না। সৈকত ও বাজারের ছয় শতাধিক দোকানে কোনো বেচাকেনা নেই। এ ছাড়া পর্যটক না থাকায় কোটি টাকার শুঁটকি পড়ে আছে।
এই দ্বীপে ৩৮টি আবাসিক হোটেল, ৮১টি কটেজ ও বাংলো আছে। সবগুলোই এখন খালি। ১০৫টি ছোট-বড় রেস্তোরাঁও বন্ধ। অনেক হোটেল-কটেজ ও রেস্তোরাঁ মালিক তাঁদের প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দিয়েছেন। ছাঁটাই করা হচ্ছে কর্মচারীদের।
কটেজ সমুদ্রবিলাসের পরিচালক আবদুর রহমান বলেন, গত ২০ দিনে এখানে কোনো অতিথি আসেননি। ক্ষতি পুষিয়ে নিতে তিনি সাত জন কর্মচারীকে ছাঁটাই করতে বাধ্য হয়েছেন।
সেন্ট মার্টিন হোটেল-কটেজ মালিক সমিতির সভাপতি শিবলি আজম কোরাশী বলেন, প্রতিটি হোটেল-কটেজ প্রতিদিন ১০ হাজার থেকে ৫০ টাকা পর্যন্ত লোকসান দিচ্ছে। সেই হিসাবে, প্রতিদিন আবাসিক খাতে ৫০ লাখ, রেস্তোরাঁয় ৫০ লাখ এবং পর্যটন-সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানে ৫০ লাখ টাকা করে লোকসান দিচ্ছেন ব্যবসায়ীরা।
পর্যটক না থাকায় সেন্ট মার্টিনের গাইড, ভ্যানচালক, ডাব বিক্রেতা, মৌসুমি শুঁটকি ব্যবসায়ী ও ছেঁড়াদ্বীপে যাতায়াতের নৌযানের চালকেরাও প্রায় বেকার জীবন-যাপন করছেন।