যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার সঙ্গে ব্র্যাকের চুক্তি
দারিদ্র্য নিরসন, মানসম্পন্ন প্রাথমিক শিক্ষা, জন্মনিরোধ ও গর্ভবতী মায়েদের সেবাদান কর্মসূচি সম্প্রসারণে যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়ার সঙ্গে অংশীদারিমূলক যৌথ কর্মসূচি বাস্তবায়ন করবে ব্র্যাক। ব্র্যাকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বুধবার লন্ডনে ডিএফআইডির (ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট) পক্ষে যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক মন্ত্রী অ্যান্ড্রু মিশেল, অসএইডের (অস্ট্রেলিয়ান এইড) পক্ষে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী বব কার এবং ব্র্যাকের পক্ষে সংস্থাটির প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদ এই অংশীদারি চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তিতে বাংলাদেশের দরিদ্রতম ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের ওপর জোর দেওয়া হয়। এ কার্যক্রম ব্র্যাকের অব্যাহত উদ্ভাবন ও সর্বোৎকৃষ্ট অনুশীলনগুলোকে উৎসাহিত করবে। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় একসঙ্গে কাজ করার সুযোগ করে দেবে। ফজলে হাসান আবেদ বলেন, বাংলাদেশ, যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়ার মধ্যে যে গভীর বন্ধন ও অঙ্গীকার রয়েছে তার শক্তিশালী রূপই হচ্ছে এই যৌথ অংশীদারি। এই অংশীদারি উন্নয়ন ক্ষেত্রে লক্ষ্য অর্জনে আমাদের দক্ষতার প্রতি উন্নয়ন-সহযোগীদের আস্থারই বহিঃপ্রকাশ।ব্র্যাক ১৯৮০ সাল থেকে ডিএফআইডি ও অসএইডের সঙ্গে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।