যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধি পূর্বাভাস কমিয়েছে আইএমএফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছরের জন্য যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রবৃদ্ধি পূর্বাভাস কমিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। আজ সোমবার বিশ্ব অর্থনীতির পূর্বাভাসের হালনাগাদ প্রতিবেদন ‘আপডেট টু দ্য ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক’ প্রকাশ করেছে আইএমএফ।

মূলত চলতি বছরের তিন মাসে প্রত্যাশার চেয়ে প্রবৃদ্ধি কম হওয়ায় এই দুই দেশের প্রবৃদ্ধি পূর্বাভাস কমিয়েছে সংস্থাটি। আইএমএফ বলছে, চলতি বছরে যুক্তরাজ্যের অর্থনীতি বাড়বে ১ দশমিক ৭ শতাংশ হারে, যা আগে ২ শতাংশ হারে বাড়বে বলে পূর্বাভাস দেওয়া হয়েছিল। যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে ২ দশমিক ১ শতাংশ, যা এপ্রিলে ২ দশমিক ৩ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছিল আইএমএফ।

কর্মসংস্থানের হার শক্ত অবস্থানে থাকায় ও ঘাটতি কম থাকায় ২০১৮ সালে আবার ঘুরে দাঁড়াবে যুক্তরাজ্যের অর্থনীতি। ২০১৮ সালে যুক্তরাজ্যের অর্থনৈতিক প্রবৃদ্ধি পূর্বাভাস ১ দশমিক ৫ শতাংশে অপরিবর্তিত রেখেছে আইএমএফ। তবে ট্রাম্প প্রশাসন নিয়ে অনিশ্চয়তা থাকায় ২০১৮ সালের জন্যও যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধি পূর্বাভাস কমিয়েছে আইএমএফ। ২০১৮ সালে যুক্তরাজ্যের প্রবৃদ্ধি ২ দশমিক ৫ শতাংশের বদলে ২ দশমিক ১ শতাংশ হবে বলছে সংস্থাটি।

গত এপ্রিলে পূর্বাভাস প্রতিবেদনে, ২০১৭ সালে বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি ৩ দশমিক ৫ ও ২০১৮ সালে ৩ দশমিক ৬ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছিল সংস্থাটি। নতুন হালনাগাদ প্রতিবেদনেও তা একই রাখা হয়েছে।

নতুন প্রতিবেদনে ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেনসহ ইউরোজোনের অর্থনীতির প্রবৃদ্ধি পূর্বাভাস বাড়িয়েছে আইএমএফ। মূলত, প্রথম চার মাসে এ অঞ্চলে আসল প্রবৃদ্ধি আইএমএফের পূর্বাভাসের চেয়ে বেশি হওয়ায় প্রত্যাশা বাড়িয়েছে সংস্থাটি।

এ ছাড়া চলতি বছর ও আগামী বছরের জন্য এশিয়ার উদীয়মান ও উন্নয়নশীল দেশগুলোর প্রবৃদ্ধি পূর্বাভাস বাড়িয়েছে আইএমএফ। এই দুই বছর এ অঞ্চলের প্রবৃদ্ধি ৬ দশমিক ৫ শতাংশ হবে বলে মনে করছে তারা। এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতের প্রবৃদ্ধি পূর্বাভাস অপরিবর্তিত রাখলেও চীনেরটা বাড়ানো হয়েছে। ২০১৭ সালে চীনের জিডিপি প্রবৃদ্ধি ৬ দশমিক ৭ হবে বলা হচ্ছে। এপ্রিলের প্রতিবেদনে তা ৬ দশমিক ৬ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছিল সংস্থাটি। সংস্থাটি মনে করছে, ২০১৮ সালে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৪ শতাংশ, যা আগে ৬ দশমিক ২ হবে বলে ধারণা করা হচ্ছিল।

প্রতি তিন মাস পর হালনাগাদ এই প্রতিবেদন প্রকাশ করা হয়। গত এপ্রিলের প্রতিবেদনে বলা হয়, চলতি ২০১৬-১৭ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপির প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৯ শতাংশ। তবে জুনে বাংলাদেশের অর্থনীতি পর্যালোচনা করে ২০১৬-১৭ অর্থবছরের প্রবৃদ্ধি ৬ দশমিক ৮ শতাংশ হবে বলে পূর্বাভাস দেয় সংস্থাটি। আর্টিকেল ফোর মিশনের আওতায় ওই পর্যালোচনা করে আইএমএফ।