যুক্তরাজ্য রেলপথ ও বন্দরে বিনিয়োগে আগ্রহী
পদ্মা বহুমুখী সেতু থেকে কুয়াকাটা পর্যন্ত রেলওয়ে লিংক এবং পায়রা বন্দরে বিনিয়োগে আগ্রহী যুক্তরাজ্য। বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতেও আগ্রহ রয়েছে দেশটির।
সচিবালয়ে গতকাল বৃহস্পতিবার ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার অ্যালিসন ব্লেকের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সাংবাদিকদের এসব কথা বলেন। বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের মহাপরিচালক শুভাশীষ বসু এবং অতিরিক্ত সচিব জহির উদ্দিন আহমেদ বৈঠকে উপস্থিত ছিলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে গেলেও বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগে এর কোনো প্রভাব পড়বে না। বাংলাদেশের জন্য যুক্তরাজ্যের সাহায্য অব্যাহত থাকবে।
যুক্তরাজ্যের হাইকমিশনার সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপেরও প্রশংসা করেছেন বলে জানান বাণিজ্যমন্ত্রী। বাণিজ্যমন্ত্রী বলেন, হাইকমিশনার বলেছেন বাংলাদেশে যুক্তরাজ্যের নাগরিকদের যাতায়াতও স্বাভাবিক থাকবে।