ব্যবহারকারীদের আবেগ নিয়ে গবেষণা করায় যুক্তরাজ্যে তদন্তের মুখোমুখি হচ্ছে ফেসবুক। ২০১২ সালে চালানো ওই গবেষণায় ফেসবুক তথ্য সুরক্ষা আইন লঙ্ঘন করেছে কি না, তা খতিয়ে দেখছে যুক্তরাজ্য।
যুক্তরাজ্যের তথ্য সুরক্ষা-বিষয়ক নিয়ন্ত্রক সংস্থা ইনফরমেশন কমিশনারস অফিস (আইসিও) জানিয়েছে, ‘গবেষণা প্রসঙ্গে ফেসবুক কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদের পরিকল্পনা করছে তারা।’ অবশ্য গবেষণায় গ্রাহকের তথ্যের যথাযথ সুরক্ষা নিশ্চিত করা হয়েছে বলে দাবি করেছে ফেসবুক।
ফেসবুকের ইউরোপের ডিরেক্টর অব পলিসি রিচার্ড অ্যালেন এক বিবৃতিতে জানিয়েছেন, নিয়ন্ত্রক সংস্থার যেকোনো প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত রয়েছেন তাঁরা।
অন্যদিকে বিষয়টি নিয়ে আইসিও আয়ারল্যান্ডের তথ্য সুরক্ষা নিয়ন্ত্রক সংস্থার সঙ্গেও যোগাযোগ করবে। ফেসবুকের ইউরোপীয় সদর দপ্তর আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে অবস্থিত।
ফেসবুকের এই গবেষণায় ৬ লাখ ৮৯ হাজার ফেসবুক ব্যবহারকারীর হোমপেজের তথ্য ব্যবহার করা হয়েছে। এই গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন যুক্তরাষ্ট্রের কর্নেল ও ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। এই গবেষণা করতে ফেসবুক ব্যবহারকারীর নিউজ ফিড ফিল্টার করে তাতে মানুষের মন্তব্য, ভিডিও, ছবি ওয়েব লিংক শেয়ার করার বিষয়গুলো পরীক্ষা করে দেখা হয়।
গবেষণায় দেখা গেছে, সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে বড় ধরনের আবেগ-সংক্রান্ত বিষয়কে প্রভাবিত করতে পারে। বিশেষ করে কোনো বন্ধুর অনলাইনে প্রকাশ করা আবেগের বিষয়টি অন্যদের প্রভাবিত করতে দেখা যায়।
ফেসবুকের গোপন এই গবেষণা সমালোচনার জন্ম দিয়েছে। কেননা ফেসবুক ব্যবহারকারীরা এই গবেষণার জন্য প্রস্তুত ছিলেন না।
যুক্তরাজ্যে এই বিষয়ে তদন্তের জন্য নির্বাচিত কমিটির সদস্য জিম শেরিডান এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। গতকাল মঙ্গলবার তিনি বলেছেন, ‘এই গবেষণায় অনেকেই বিপর্যস্ত এবং এর জন্য আমাদেরই দায়িত্ব নিতে হবে।’
আরও পড়ুন:
ফেসবুকের ‘ইঁদুর’ আমরা