যুক্তরাজ্যে তিন দিনের শেয়ারবাজার মেলা ৫ মার্চ থেকে
দেশের শেয়ারবাজারে প্রবাসীদের বিনিয়োগ বাড়াতে যুক্তরাজ্যে তিন দিনের শেয়ারবাজার মেলার আয়োজন করা হয়েছে। পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেলে আগামী ৫ মার্চ এই মেলা শুরু হবে। ‘বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ফেয়ার’ শিরোনামের এই মেলায় দেশের শীর্ষস্থানীয় কয়েকটি মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউস অংশ নেবে। যুক্তরাজ্যভিত্তিক মিডিয়া কোম্পানি ‘কারি লাইফ’ এ মেলার আয়োজন করছে। প্রাইম ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড মেলার টাইটেল স্পনসর। গত বৃহস্পতিবার কারি লাইফ ও প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের মধ্যে এ-সংক্রান্ত চুক্তি সই হয়েছে। প্রাইম ইনভেস্টমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মর্তুজা আহমেদ এবং কারি লাইফের সম্পাদক সৈয়দ বেলাল আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। এ সময় প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আহমেদ কামাল চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।