ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে যাওয়া বা ব্রেক্সিটের পর যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য ও সহযোগিতা বৃদ্ধির বিষয়ে চুক্তি বা যৌথ ইকোনমিক কমিশন গঠন চান বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেছেন, এটা হলে যুক্তরাজ্য এবং বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও বৃদ্ধি পাবে।
যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী লর্ড বাটিসের সঙ্গে এক একান্ত বৈঠকে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেছেন। সুইজারল্যান্ডের রাজধানী জেনেভা সফররত তোফায়েল আহমেদ গত বুধবার রাতে এইড ফর ট্রেড গ্লোবাল রিভিউর সভায় যোগদান শেষে যুক্তরাজ্যের ওই মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। বাণিজ্য মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ খবর জানায়।
ব্রেক্সিটের কারণে বাংলাদেশসহ স্বল্পোন্নত দেশগুলোর সঙ্গে বাণিজ্যনীতির কোনো পরিবর্তন হবে না, এমন ঘোষণার জন্য বাণিজ্যমন্ত্রী যুক্তরাজ্যের প্রতি কৃতজ্ঞতা জানান।
বৈঠকে তোফায়েল আহমেদ যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যের ক্ষেত্রে বাধাগুলো দূর করার অনুরোধ করেন। তিনি বলেন, স্যানিটারি অ্যান্ড ফাইটো স্যানিটারি (এসপিএস) এবং টেকনিক্যাল ব্যারিয়ার অব ট্রেডের (টিবিটি) মতো প্রতিবন্ধকতাগুলো দূর করা হলে যুক্তরাজ্যে বাংলাদেশি পণ্যের রপ্তানি আরও বাড়বে। যুক্তরাজ্য বাংলাদেশের গুরুত্বপূর্ণ বাণিজ্য ও উন্নয়ন অংশীদার উল্লেখ করে তিনি আরও বলেন, বাংলাদেশের তৃতীয় বৃহত্তম রপ্তানি বাজার যুক্তরাজ্য, সেখানে রপ্তানির পরিমাণ প্রায় ৪০০ কোটি মার্কিন ডলার। বাংলাদেশি বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে যুক্তরাজ্য দ্বিতীয় অবস্থানে রয়েছে।
দেশের পোশাক খাতের সংস্কারের চিত্র তুলে ধরে তোফায়েল আহমেদ বলেন, যুক্তরাজ্যসহ ক্রেতাগোষ্ঠীর সুপারিশ অনুযায়ী বাংলাদেশের তৈরি পোশাক কারখানাগুলো আধুনিক ও নিরাপদ পরিবেশবান্ধব করা হয়েছে। শ্রম আইন সংশোধন করা হয়েছে এবং ইউরোপীয় ইউনিয়নকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) আইন সংশোধন করা হচ্ছে।
জেনেভায় বাণিজ্যমন্ত্রী বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক রবার্তো আজিভেডো, জাতিসংঘের সংস্থা আঙ্কটাডের সেক্রেটারি জেনারেল মুখিসা কিটুয়ি, ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টারের (আইটিসি) নির্বাহী পরিচালক আরানচা গনজালেজ এবং বিশ্বব্যাংক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।