যুক্তরাজ্যের হ্যারোডসে বাংলাদেশের টিটুলিয়া ব্র্যান্ডের চা বিক্রি হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের কাজী অ্যান্ড কাজী টির উৎপাদিত ‘টিটুলিয়া’ ব্র্যান্ডের অর্গানিক চা এখন থেকে যুক্তরাজ্যের খ্যাতনামা ডিপার্টমেন্টাল স্টোর হ্যারোডসে পাওয়া যাবে।হ্যারোডসে ৮ জুন আনুষ্ঠানিকভাবে ‘টিটুলিয়া’ চায়ের বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে কাজী অ্যান্ড কাজী টি এস্টেটের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আনিস আহমেদ ও টিটুলিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা লিন্ডা লিপাসিয়াস এবং হ্যারোডসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।টিটুলিয়ার বিভিন্ন ফ্লেভারের অর্থডক্স অর্গানিক চায়ের মধ্যে রয়েছে: ব্ল্যাক, গ্রিন, হোয়াইট, আর্ল অব বেঙ্গল, বেঙ্গল ব্রেকফাস্ট, নিম নেকটার, তুলসী ইনফিউশন, জিনজার ও লেমনগ্রাস। এই চা বাজারে ৭ দশমিক ৯৫ থেকে ৮ দশমিক ৫০ পাউন্ড দামে বিক্রি হচ্ছে।কাজী আনিস আহমেদ বলেন, ‘হ্যারোডসে টিটুলিয়াই সম্ভবত বাংলাদেশের প্রথম ব্র্যান্ড। এ সুযোগটি বাংলাদেশের অন্য যেকোনো ব্র্যান্ডের আন্তর্জাতিক অঙ্গনে পদার্পণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’২০০৮ সাল থেকে বাজারজাতকৃত টিটুলিয়া ব্র্যান্ডের চা বর্তমানে আমেরিকার শতাধিক হোল ফুডস স্টোরে বিক্রি হচ্ছে। যুক্তরাষ্ট্রে সাফল্যের পর টিটুলিয়া এবারে হ্যারোডসের মাধ্যমে ইউরোপের বাজারে পদার্পণ করল। বিজ্ঞপ্তি।