মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে পণ্য আমদানির ক্ষেত্রে উচ্চ হারে শুল্ক আদায় অব্যাহত রেখেছে।গত বছর অর্থাৎ ২০১১ সালে বাংলাদেশ থেকে ৪৮৭ কোটি ডলারের পণ্য আমদানির বিপরীতে ৭৪ কোটি ৬০ লাখ ডলারের আমদানি শুল্ক আদায় করেছে দেশটি। গড়ে শুল্কহার ছিল ১৫ দশমিক ৩০ শতাংশ।ওয়াশিংটনভিত্তিক প্রতিষ্ঠান গ্লোবাল ওয়ার্কস ফাউন্ডেশন এই তথ্য প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও বাণিজ্যসংক্রান্ত বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ করে থাকে প্রতিষ্ঠানটি।মার্কিন যুক্তরাষ্ট্রের আমদানি মানে বাংলাদেশের রপ্তানি—এভাবে বিবেচনা করলে বাংলাদেশকে তার সর্ববৃহৎ বাজারে প্রবেশের ক্ষেত্রে এই উচ্চ শুল্কের মুখোমুখি হতে হচ্ছে। বাণিজ্য জোটের বিবেচনায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশের রপ্তানি পণ্যের বৃহত্তম বাজার। কিন্তু ইইউভুক্ত সব রাষ্ট্রই সমানভাবে বাংলাদেশের পণ্য আমদানি করে না। বরং একক রাষ্ট্র হিসেবে বাংলাদেশের বৃহত্তম বাজার হলো মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে যদিও বাংলাদেশের রপ্তানিমুখী কিছু পণ্যের জন্য জিএসপি (সাধারণীকৃত অগ্রাধিকার সুবিধা) প্রদান করেছে, বাস্তবে রপ্তানিমুখী ৯৫ শতাংশ পণ্যই জিএসপি সুবিধা থেকে বঞ্চিত। আর এই পণ্যের মধ্যে সবচেয়ে বড় হলো তৈরি পোশাক। গ্লোবাল ওয়ার্কস ফাউন্ডেশনভুক্ত প্রগ্রেসিভ ইকোনমির বিশ্লেষণ থেকে আরও দেখা যায়, গত বছর অর্থাৎ ২০১১ সালে কম্বোডিয়া থেকে ২৭১ কোটি ডলারের পণ্য আমদানির বিপরীতে ৪৫ কোটি ৯০ লাখ ডলারের শুল্ক আদায় করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। একই সময়ে শ্রীলঙ্কা থেকে ২০৮ কোটি ডলারের পণ্য আমদানির বিপরীতে ২৩ কোটি ৭০ লাখ ডলারের শুল্ক আদায় করা হয়েছে। এ ছাড়া পাকিস্তান থেকে ৩৮১ কোটি ডলারের পণ্য আমদানির বিপরীতে আদায় করা হয়েছে ৩৯ কোটি ৫০ লাখ ডলারের শুল্ক।দেখা যাচ্ছে গরিব দেশগুলো থেকে আমদানির ক্ষেত্রেই উচ্চ হারে শুল্ক আদায় করছে যুক্তরাষ্ট্র, যাকে শুল্ক শাস্তি (ট্যারিফ পেনাল্টি) বলে অভিহিত করেছে গ্লোবাল ওয়ার্কস। প্রতিষ্ঠানটির সংকলিত তথ্য থেকে আরও জানা যায়, গত বছর ভারত থেকে তিন হাজার ৬০০ কোটি ডলারের পণ্য আমদানির বিপরীতে শুল্ক বাবদ ৮৮ কোটি ৮০ লাখ ডলার যোগ হয়েছে যুক্তরাষ্ট্রের কোষাগারে। এ ক্ষেত্রে গড় শুল্কহার ছিল মাত্র আড়াই শতাংশ।উন্নত দেশগুলোও যুক্তরাষ্ট্রের বাজারে বিরাট শুল্ক ছাড় সুবিধা ভোগ করছে। ২০১১ সালে জার্মানি থেকে ৯ হাজার ৬৫০ কোটি ডলারের সমপরিমাণ পণ্য আমদানি করা হলেও এর বিপরীতে আমদানি শুল্ক ছিল ১৪৮ কোটি ৭০ লাখ ডলার। শুল্কহার মাত্রা দেড় শতাংশ। যুক্তরাজ্য থেকে পাঁচ হাজার ১১০ কোটি ডলারের পণ্য আমদানির বিপরীতে শুল্ক মিলেছে প্রায় ৪০ কোটি ডলার। বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) বহুপক্ষীয় বাণিজ্য আলোচনায় বাংলাদেশের মতো গরিব বা স্বল্পোন্নত দেশগুলোকে (এলডিসি) উন্নত বিশ্বের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার দেওয়ার কথা বলা হয়েছে। বহুপক্ষীয় বাণিজ্য কাঠামোর আওতায় ইতিমধ্যে বিশ্বের সব উন্নত দেশ বাংলাদেশসহ গরিব দেশগুলোকে অবাধ বাজার সুবিধা দিয়েছে। একমাত্র ব্যতিক্রম যুক্তরাষ্ট্র। বাংলাদেশ, নেপাল ও কম্বোডিয়া—এই তিনটি দেশ যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কমুক্ত সুবিধা থেকে বঞ্চিত।কোনো কোনো বিশ্লেষক অবশ্য বলছেন, যুক্তরাষ্ট্র সাধারণত কোনো বিস্তৃত বাণিজ্য চুক্তিতে প্রবেশের আগে রূপরেখা চুক্তি করে থাকে। আর তাই বাংলাদেশের সঙ্গে টিফা (বাণিজ্য ও বিনিয়োগ রূপরেখা চুক্তি) করার বিষয়টি আলোচনায় এসেছিল। তবে শেষ পর্যন্ত টিফা স্বাক্ষর হয়নি। অবশ্য তার বদলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা ফোরাম (টিইসিএফ বা টিকফা) গঠনের চুক্তির বিষয়টি আলোচিত হচ্ছে। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের ৫-৬ মে ঢাকা সফরকালে টিকফা চুক্তি স্বাক্ষর করার বিষয়ে তেমন কোনো অগ্রগতি হয়নি। আর টিফার সঙ্গে এর মৌলিক কোনো পার্থক্য নেই। তবু টিকফা হলে যুক্তরাষ্ট্রে শুল্কমুক্ত সুবিধা পাওয়ার বিষয়টি সহজ হবে বলে মনে করেন কেউ কেউ।