যুক্তরাষ্ট্র ও জাপানের বাজার থেকে আবার টয়োটার গাড়ি প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা যুক্তরাষ্ট্র ও জাপানের বাজার থেকে প্রায় ১৫ লাখ ৩০ হাজার গাড়ি প্রত্যাহার করে নিয়েছে। ব্রেক ফ্লুইড ও ফুয়েল পাম্পে সমস্যার কারণে এই গাড়িগুলো প্রত্যাহার করা হয়েছে বলে আল-জাজিরা অনলাইনের এক সংবাদে জানা গেছে।টয়োটা গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের বাজার থেকে সাত লাখ ৪০ হাজার লেক্সাস ও অ্যাভালন এবং জাপানের বাজার থেকে পাঁচ লাখ ৯৯ হাজার অন্য মডেলের গাড়ি প্রত্যাহার করে নেয়।টয়োটার একজন মুখপাত্র জানান, প্রত্যাহার করা গাড়িগুলো পরীক্ষা-নিরীক্ষা করে সমস্যার সমাধান করা হবে। প্রাথমিক পরীক্ষায় এগুলোর ব্রেক মাস্টার সিলিন্ডারে সমস্যা ধরা পড়েছে।টয়োটা মোটর করপোরেশন আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও জাপানের বাজার থেকে টয়োটার বিভিন্ন মডেলের গাড়ি প্রত্যাহার করা হলেও এখন পর্যন্ত এসব সমস্যার কারণে কোনো দুর্ঘটনার খবর তাদের দৃষ্টিগোচর হয়নি।উল্লেখ্য, প্রায় এক বছর ধরে টয়োটা যুক্তরাষ্ট্রের বাজার থেকে বেশ কয়েকবারই বিভিন্ন মডেলের গাড়ি বেশ কিছু সমস্যার কারণে প্রত্যাহার করেছে। তবে টয়োটার পক্ষ থেকে আরও জানানো হয়েছে, তারা ভোক্তাদের অভিযোগগুলো অনেক বেশি যত্নের সঙ্গে খতিয়ে দেখছে। এবং তারা এ মুহূর্তে মান নিয়ন্ত্রণ প্রক্রিয়াকে অগ্রাধিকার দিচ্ছে।