যুক্তরাষ্ট্র টিপিপি ছাড়লে নেতিবাচক প্রভাবের আশঙ্কা
ক্ষমতা নেওয়ার প্রথম দিনই ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপ (টিপিপি) চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্প। তাঁর এই সিদ্ধান্ত বৈশ্বিক অর্থনীতিতে একটি চাপ তৈরি করবে বলে মনে করছেন অর্থনীতিবিদেরা। বিশ্ব বাণিজ্যের গতিও মন্থর হয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।
যদিও টিপিপি চুক্তি থেকে যুক্তরাষ্ট্র সরে এলে স্বল্প বা মধ্য মেয়াদে বাংলাদেশ কিছুটা হলেও সুবিধা পাবে; তবে এটা বিশ্বায়নের জন্য ভালো সংবাদ নয় বলেই মনে করছেন অর্থনীতিবিদেরা। তাঁরা মনে করছেন, টিপিপিতে স্বাক্ষরকারী দেশগুলো যেহেতু বৈশ্বিক বাণিজ্যের ৪০ শতাংশ নিয়ন্ত্রণ করে, তাই বিশ্ব অর্থনীতিতে এর সুস্পষ্ট নেতিবাচক প্রভাব পড়বে।
পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর বলেন, ট্রাম্পের এই ঘোষণা বিশ্বায়নের জন্য কোনোভাবেই ভালো নয়। টিপিপি চুক্তি থেকে যুক্তরাষ্ট্র সরে গেলে হয়তো মধ্য মেয়াদে বাংলাদেশ উপকৃত হবে। তবে তার মানে এই নয় যে এটা বাংলাদেশের জন্য একদম ভালো একটি বিষয় হলো। বিচ্ছিন্নতা মনোভাব নিয়ে চলছেন নির্বাচনে জয়ী মার্কিন প্রেসিডেন্ট, যা অর্থনীতির জন্য ভালো হতে পারে না।
টিপিপি চুক্তি বাতিল হওয়া বা না হওয়া বাংলাদেশের জন্য তেমন প্রভাব ফেলবে না বলে মনে করেন আহসান এইচ মনসুর। তিনি বলেন, বাংলাদেশে একটি প্রভাব পড়ত, যদি বাংলাদেশ এই চুক্তির সদস্য দেশ হতো। যুক্তরাষ্ট্র সরে গেলেও প্রত্যক্ষ কোনো সুফল বাংলাদেশের জন্য নেই। ট্রাম্পের এই ধরনের নীতি বিশ্ব বাণিজ্যিক প্রবৃদ্ধিতে শ্লথ করে দেবে, যা কখনো ভালো হতে পারে না।
যেকোনো আঞ্চলিক বাণিজ্য চুক্তি সদস্য দেশগুলোর জন্য ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটায়। এই ধরনের চুক্তির দুটো দিক লক্ষ করা যায় বলে জানান বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) জ্যেষ্ঠ গবেষণা ফেলো নাজনীন আহমেদ। তিনি বলেন, আঞ্চলিক বাণিজ্য চুক্তির দুটি দিক আছে—ট্রেড ক্রিয়েশন ও ট্রেড ডাইভারশন। যে দেশগুলো কোনো একটি আঞ্চলিক বাণিজ্য চুক্তি সদস্য হয়, তখন তাদের মধ্যে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি পায় এবং বাণিজ্য সম্প্রসারণ হয়। আর যেসব দেশ সদস্য হতে পারে না, তারা ট্রেড ডাইভারশন প্রভাবে পড়ে। সদস্য না এমন কোনো দেশের যদি আঞ্চলিক সহযোগিতা চুক্তির সদস্য—এমন দেশের সঙ্গে বাণিজ্য থাকে, তাহলে একটি নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা থাকে। যেমন টিপিপিতে ভিয়েতনামের অন্তর্ভুক্তি বাংলাদেশের পোশাক খাতে একটি নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা তৈরি করেছিল। যুক্তরাষ্ট্রের টিটিপি ত্যাগের ঘোষণা বাস্তবায়িত হলে এই আশঙ্কা আর থাকবে না।
নাজনীন আহমেদ বলেন, ‘তবে আমাদের মনে রাখতে হবে, ভিয়েতনামের প্রধান বাণিজ্য তৈরি পোশাক খাত নয়। ওদের তৈরি পোশাক খাতে বাণিজ্যে সক্ষমতা অর্জনেও সময় লাগবে। তাই প্রতিযোগিতা তৈরি অন্যদিক দিয়েও হতে পারে। বাংলাদেশকে প্রতিযোগিতার সক্ষমতা অর্জন করতে হবে। স্বল্প মেয়াদে লাভবান হলেও দীর্ঘ মেয়াদে অন্য কোনো চুক্তি বাংলাদেশে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।’
টিপিপি ত্যাগের এই ঘোষণার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের আদর্শগত দৃষ্টিভঙ্গি প্রকাশ পেল বলে মনে করেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) অতিরিক্ত গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। তিনি বলেন, এই ঘোষণার ফলে প্রকাশ পেল যুক্তরাষ্ট্রের অধিক হারে সংরক্ষণমূলক নীতির। অভ্যন্তরীণ শ্রম কর্মসংস্থান সংরক্ষণের নীতি। যুক্তরাষ্ট্র বহুপক্ষীয় চুক্তিগুলো থেকে দ্বিপক্ষীয় ভিত্তিতে বাণিজ্য সম্প্রসারণ কাঠামোর দিকে সরে যেতে চাইছে। এই পরিস্থিতিকে সামগ্রিকভাবে বলা যেতে পারে বৈশ্বিক অর্থনীতি যে বড় আঞ্চলিক বাজারের দিকে যাচ্ছিল, সেই নীতির বিপরীত। এতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সারা বিশ্বের বাণিজ্য শ্লথ হওয়ার পাশাপাশি বাণিজ্য ব্যয় বাড়বে।
আর বাংলাদেশের প্রেক্ষাপটে বহুপক্ষীয় চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের সরে আসার বিষয়টি মিশ্র প্রভাব ফেলতে পারে। বহুপক্ষীয় চুক্তিগুলো হলে বাংলাদেশের বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বী দেশগুলো বাড়তি সুবিধা পায়। অর্থাৎ, এদিক দিয়ে দেখলে বাংলাদেশের জন্য ভালো হয়েছে। তিনি বলেন, তবে এটি বাতিল হলে অন্য বহুপক্ষীয় চুক্তিগুলোর কাজ শুরু হতে পারে। এমন অনেকগুলোর কথা চলছে, যা চীনকেন্দ্রিক এবং যেখানে বাংলাদেশ নেই। তাই বাংলাদেশের জন্য এর প্রভাব নেতিবাচক হতে পারে।
যুক্তরাষ্ট্র যদি দ্বিপক্ষীয় পর্যায়ে বাণিজ্য সম্পর্ক স্থাপন করে, তাহলে ভবিষ্যতে অন্যান্য দেশও এই ধরনের বাণিজ্যিক সম্পর্ক স্থাপনে আগ্রহী হবে। বাংলাদেশ সেই হিসাবে এখনো পুরোপুরি সক্ষম দেশ নয়। তাই বাংলাদেশের জন্য দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তিতে জায়গা করে নেওয়াটা কঠিন হবে।
আর তাই বাংলাদেশের বাণিজ্য ও পররাষ্ট্র পর্যায়ে সতর্ক দৃষ্টি রাখতে হবে। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ পর্যায়ে কী পরিবর্তন হচ্ছে, এই বিষয়গুলোতে নজর রাখতে হবে।
এদিকে ট্রাম্পের এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন দেশ-বিদেশের অর্থনীতিবিদেরাও। বিবিসির এক প্রতিবেদনে এ তাঁরা এ সমালোচনা করেন।
দ্য ইকোনমিস্ট পত্রিকার এশিয়া অঞ্চলের সম্পাদক মিসন রাবিনোভিচ বলেন, নির্বাচনী প্রচারণায় ট্রাম্প এমনটাই বলেছিলেন। এটা আশ্চর্যের কিছু ছিল না। তবে এখনো হতাশজনক। যুক্তরাষ্ট্র সরে এলে এক দশক ধরে কাজ করা এই চুক্তি অকেজো হয়ে যাবে। দুঃখের বিষয় হলো, ট্রাম্প এটিকে ভয়ংকর চুক্তি বলছেন, অথচ এই চুক্তি যুক্তরাষ্ট্রের জন্যই অনেক ভালো।
এশিয়ান ট্রেড সেন্টারের নির্বাহী পরিচালক ডেবোরাহ এলমস বলেন, এটা খুব হতাশজনক একটি সংবাদ। এর মানে এশিয়ার বাণিজ্যে যুক্তরাষ্ট্রের আর কোনো নেতৃত্ব থাকল না। এতে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধিও শ্লথ হয়ে যাবে, যা বিশ্ব অর্থনীতিতে প্রভাব ফেলবে।