যুক্তরাষ্ট্র থেকে দুটি মডেলের গাড়ি তুলে নিয়েছে মাজদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বখ্যাত মোটরগাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ‘মাজদা’ যুক্তরাষ্ট্রের বাজার থেকে প্রায় ২,১৫,০০০ গাড়ি তুলে নিয়েছে। স্টিয়ারিংয়ে পাওয়ার পাম্পে সমস্যার কারণে মাজদার ‘মাজদা-৩’ ও ‘মাজদা-৫’ মডেলের গাড়ির ব্যাপারে প্রতিষ্ঠানটি এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। খবর রয়টার্সের।মাজদার এ দুটি মডেলের গাড়ির স্টিয়ারিংয়ের পাওয়ার পাম্পে যে সমস্যা দেখা দিচ্ছিল, তাতে সমস্যার কোনো পূর্বলক্ষণ ছাড়াই গাড়িগুলোর স্টিয়ারিং বিকল হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছিল। এর পাশাপাশি এ-সংক্রান্ত ব্যাপারে যুক্তরাষ্ট্রের হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিসট্রেশনও মাজদাকে সংশ্লিষ্ট মডেলের গাড়িগুলোর ব্যাপারে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছিল। তবে স্টিয়ারিংয়ের পাওয়ার পাম্পের সমস্যার কারণে এ পর্যন্ত কোনো ‘মাজদা-৩’ ও ‘মাজদা-৫’ মডেলের গাড়ি বিকল হয়েছে কি না, তা অবশ্য জানা যায়নি।এদিকে মাজদা মোটর করপোরেশন জানিয়েছে, খুচরা যন্ত্রাংশের অপ্রতুলতাও বাজার থেকে এ দুটি মডেলের গাড়ি তুলে নেওয়ার অন্যতম কারণ। তবে প্রতিষ্ঠানটি বাজার থেকে তুলে নেওয়া গাড়িগুলো পরীক্ষা-নিরীক্ষা করে সমস্যাটির দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছে।২০০৮ সালের মার্চেই মাজদার এ দুটি গাড়ির ব্যাপারে স্টিয়ারিংয়ের পাওয়ার পাম্পের সমস্যার কথা প্রথম শোনা যায়। তখন প্রতিষ্ঠানটি তার ডিলারদের এ ব্যাপারে তদন্ত করার নির্দেশ দিয়েছিল। কিন্তু তদন্তে এ সমস্যা তেমন একটা পাওয়া না যাওয়ায় মাজদা তখন এ দুটি মডেলের গাড়ি বাজার থেকে তুলে নেয়নি। এ বছরের প্রথম দিকে সেই একই সমস্যার কথা আবার শোনা যায়, তদন্তে এ রকম বেশ কটি ঘটনার প্রমাণ পায় জাপানি এই গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান। জুন মাসে হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিসট্রেশনস তদন্ত করে জানায়, মাজদার অনেক গাড়িতেই স্টিয়ারিংয়ের পাম্পে সমস্যা দেখা দিচ্ছে। এবং এ সমস্যার কারণে মাজদা আলোচিত দুটি মডেলের গাড়ি ব্যবহারকারীরা যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার শিকার হতে পারেন।