আগামীকালথেকে তিন দিনের পণ্য-সেবা প্রদর্শনীশুরু
যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি শত কোটি ডলার ছাড়িয়েছে
গত বছর মানে ২০১১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে প্রায় ১০৮ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে। উল্টোভাবে বললে যুক্তরাষ্ট্র থেকে এ পরিমাণ পণ্য বাংলাদেশ আমদানি করেছে।এর ফলে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে বার্ষিক পণ্য আমদানি ১০০ কোটি ডলার অতিক্রম করল। আগের বছর অর্থাৎ ২০১০ সালে যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানির পরিমাণ ছিল প্রায় ৫৮ কোটি ডলার। অর্থাৎ আমদানি প্রায় দ্বিগুণ হয়ে গেছে।বিপরীতে গত বছর বাংলাদেশ প্রায় ৪৫৪ কোটি ডলারের পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানি করেছে। তার আগের বছর করেছিল ৪২৯ কোটি ডলারের কিছু বেশি। তবে রপ্তানি যে হারে বেড়েছে, তার চেয়ে অনেক বেশি হারে আমদানি বাড়ায় দ্বিপক্ষীয় বাণিজ্যের ব্যবধান কমে গত বছর ৩৪৫ কোটি ডলারে নেমে এসেছে, যা আগের বছর ছিল ৩৭১ কোটি ডলার।গতকাল মঙ্গলবার ঢাকায় ২১তম মার্কিন বাণিজ্য প্রদর্শনী উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দ্বিপক্ষীয় বাণিজ্যের সর্বশেষ প্রবণতার এই পরিসংখ্যান তুলে ধরা হয়। বাংলাদেশে মার্কিন দূতাবাস এবং আমেরিকান চেম্বার অব কমার্স (অ্যামচেম) ইন বাংলাদেশ যৌথভাবে এই প্রদর্শনীর আয়োজন করছে।সংবাদ সম্মেলনে অ্যামচেমের সভাপতি আফতাব উল ইসলাম বলেন, যুক্তরাষ্ট্র থেকে পণ্য রপ্তানি এক বছরের মধ্যে দ্বিগুণ হয়ে গেছে। এর মানে, বাংলাদেশের বাজারে যুক্তরাষ্ট্রের পণ্য অধিকতর প্রতিযোগিতাসক্ষম হয়ে উঠেছে।আফতাব উল ইসলাম আরও বলেন, দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়লেও বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ অনেক কম। অথচ বাংলাদেশে অনেক সম্ভাবনা রয়েছে।বিনিয়োগের প্রতিবন্ধকতা হিসেবে তিনি সরকারি পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব ও আমলাতান্ত্রিক জটিলতা, অবকাঠামো ও জ্বালানির ঘাটতি ইত্যাদি উল্লেখ করেন।সংবাদ সম্মেলনে উপস্থিত মার্কিন দূতাবাসের অর্থনৈতিক কর্মকর্তা আলেকজান্ডার গাজিস বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক ক্রমেই জোরদার হচ্ছে। তবে এটাকে আরও গতিময় করতে বিভিন্ন প্রতিবন্ধকতা অপসারণে ব্যবস্থা নিতে হবে।সংবাদ সম্মেলনে অ্যামচেমের নির্বাহী পরিচালক এ গফুর জানান, ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি তিন দিন রূপসী বাংলা হোটেলে এবারের বাণিজ্য প্রদর্শনীতে ৬২টি প্রদর্শক ১১৬টি বুথে বিভিন্ন পণ্য ও সেবা প্রদর্শন করবে। বাণিজ্যমন্ত্রী জি এম কাদের সকালে প্রদর্শনীটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন।এবারের প্রদর্শনীর অন্যতম বৈশিষ্ট্য হলো, প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের ফরেন কমার্শিয়াল সার্ভিস ইউএস ক্যাটালগ প্রদর্শনী করবে, যেখানে ২৫টি প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের বিভিন্ন পণ্যসেবা তুলে ধরবে। এসব প্রতিষ্ঠান ইতিমধ্যে ভারতে বিনিয়োগ ও ব্যবসা করছে। এ ক্যাটালগ প্রদর্শনীর মধ্য দিয়ে তারা বাংলাদেশের বাজারে প্রবেশের সম্ভাবনা যাচাই করবে। সকালদশটা থেকে রাত আটটা পর্যন্ত প্রদর্শনীখোলা থাকবে। মাথাপিছু প্রবেশমূল্য২০ টাকা।