যুক্তরাষ্ট্র শর্ত আরোপ করে, বাজারসুবিধা প্রদান করে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিশ্বের অনেক দেশ বাংলাদেশি পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত প্রবেশাধিকার দেয়। কিন্তু নানা ধরনের শর্ত আরোপ করলেও যুক্তরাষ্ট্র বাংলাদেশকে এ সুবিধা দেয় না। তাই প্রতিবছর বাংলাদেশি পণ্য প্রবেশের জন্য ৮৮ কোটি ডলার শুল্ক দিতে হয়।
সচিবালয়ে আঙ্কটাডের মহাসচিব মুকহিশা কিতুইর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের পর গতকাল রোববার তোফায়েল আহমেদ সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি আরও বলেন, আঙ্কটাডের মহাসচিবের সঙ্গে বিশ্ব বাণিজ্য সংস্থার বালি সম্মেলনের সিদ্ধান্ত বাস্তবায়ন এবং এ থেকে বাংলাদেশ কীভাবে তার প্রাপ্য পেতে পারে, এ নিয়ে আলোচনা হয়েছে। আঙ্কটাড সব সময় বাংলাদেশের অধিকার আদায়ে সমর্থন দিয়ে আসছে।
তোফায়েল বলেন, শুল্কমুক্ত পণ্য রপ্তানির কথা বললেই যুক্তরাষ্ট্র শ্রম অধিকারের কথা বলে। আরও বলে যে এটা ডব্লিউটিওর ব্যাপার। ২০০৫ সালে ডব্লিউটিওর হংকং সম্মেলনে বাংলাদেশকে ৯৭ শতাংশ পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা দেওয়া হয়েছিল উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমাদের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকে শুল্কমুক্ত প্রবেশাধিকার দেয়নি যুক্তরাষ্ট্র। বাংলাদেশ তার পর থেকে চ্যালেঞ্জ মোকাবিলা করে করে তার রপ্তানি বাড়িয়েছে।’
মুকহিশা কিতুই সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশ এশিয়ার অন্যতম উদীয়মান তারকা। সমৃদ্ধি অর্জনের জন্য দেশটিকে আমি সম্মান জানাই।’ দেশটিকে এখন টেকসই উন্নতির দিকে যেতে হবে বলে মনে করেন তিনি।
পরে বাংলাদেশে সফররত জার্মানির পার্লামেন্টারি স্টেট সেক্রেটারি ও এশীয় ডেভেলপমেন্ট ব্যাংকের গভর্নর হানস জোয়াশিম ফুকটেলের সঙ্গেও বৈঠক করেন বাণিজ্যমন্ত্রী।
বৈঠক শেষে মন্ত্রী বলেন, জার্মানি বাংলাদেশের তৈরি পোশাক খাতের মান উন্নয়ন, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা ও নিরাপদ কর্মবান্ধব পরিবেশ সৃষ্টি করতে এক কোটি ডলার সহায়তা প্রদানে আগ্রহ প্রকাশ করেছে।
আন্তর্জাতিক বিশ্বের কেউই বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা বলছে না উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, সম্প্রতি কমনওয়েলথ পার্লামেন্টারি ইউনিয়নে (সিপিইউ) শিরীন শারমিন চৌধুরী চেয়ারপারসন এবং ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নে (আইপিইউ) সাবের হোসেন চৌধুরী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। গত ৫ জানুয়ারির নির্বাচন যদি অবৈধ ও সংবিধান পরিপন্থী হতো তাহলে এত দেশ বাংলাদেশকে ভোট দিত না।