যুক্তরাষ্ট্র শর্ত আরোপ করে কিন্তু শুল্কমুক্ত প্রবেশাধিকার দেয় না: বাণিজ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তোফায়েল আহমেদ
তোফায়েল আহমেদ

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘বিশ্বের অনেক দেশ বাংলাদেশি পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত প্রবেশাধিকার দিলেও যারা আমাদের ওপর অনেক শর্ত আরোপ করে তারা দেয়নি। তারা হলো যুক্তরাষ্ট্র। প্রতিবছর ৮৮০ মিলিয়ন ডলার (ছয় হাজার ৮০৯ কোটি টাকা) তাদের আমরা শুল্ক দিই।’

আজ রোববার দুপুরে সচিবালয়ে আঙ্কটার্ডের সেক্রেটারি জেনারেল মুকিশা কিটুইর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের পর তোফায়েল আহমেদ এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, আঙ্কটার্ডের সেক্রেটারি জেনারেলের সঙ্গে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) বালি সম্মেলনের সিদ্ধান্ত বাস্তবায়ন এবং সে সিদ্ধান্ত থেকে বাংলাদেশ কীভাবে তার প্রাপ্য পেতে পারে, এ সব বিষয়ে আলোচনা হয়েছে। আঙ্কটার্ড সব সময় বাংলাদেশের অধিকার আদায়ে সমর্থন দিয়ে আসছে।

তোফায়েল আহমেদ বলেন, ২০০৫ সালে ডব্লিউটিওর হংকং সম্মেলনে বাংলাদেশকে ৯৭ শতাংশ পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা দিয়েছিল। কিন্তু আমাদের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকে দেয়নি। বাংলাদেশ তার পর থেকে চ্যালেঞ্জ মোকাবিলা করে তার রপ্তানি বাড়িয়েছে। তিনি আরও বলেন, আঙ্কটার্ডের সেক্রেটারি জেনারেল বলেছেন, বাংলাদেশ এশিয়ার উদীয়মান তারকা। আন্তর্জাতিক বিশ্বে উন্নয়নের একটা মডেল হিসেবে বিবেচিত হচ্ছে।

পরে জার্মানির ফেডারেল মিনিস্ট্রি ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের একটি প্রতিনিধিদল সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বিশ্বের কেউই বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা বলছে না। সম্প্রতি শিরীন শারমিন চৌধুরী কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) চেয়ারম্যান এবং ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নে (আইপিইউ) সাবের হোসেন চৌধুরী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। গত ৫ জানুয়ারির নির্বাচন যদি অবৈধ ও সংবিধান-পরিপন্থী হতো তাহলে এত দেশ বাংলাদেশকে ভোট দিত না। তিনি বলেন, যারা পরাজিত তারা নানা কথা ছড়াচ্ছে। একটি কথা মনে রাখতে হবে, বিজয়ীর আনন্দ ক্ষণস্থায়ী আর পরাজিতের গ্লানি চিরস্থায়ী।