
যুক্তরাষ্ট্র হঠকারি সিদ্ধান্ত নিয়েছে। শ্রমিকদের স্বার্থের কথা বলে তারা জিএসপি স্থগিত করেছে। তবে এ সিদ্ধান্তের ফলে রপ্তানি কমে গেলে পরোক্ষভাবে শ্রমিকেরাই বেশি ক্ষতিগ্রস্ত হবেন।
যুক্তরাষ্ট্র তৈরি পোশাক কারখানার কর্মপরিবেশ নিয়ে প্রশ্ন তুলে জিএসপি সুবিধা স্থগিত করেছে। কিন্তু পোশাক খাত এ সুবিধা পায় না। ১৫ শতাংশ পর্যন্ত শুল্ক দিয়েই তবে দেশটিতে আমাদের পণ্য প্রবেশ করে। তাই এখন কর্মপরিবেশ উন্নত করলে যুক্তরাষ্ট্র কি আমাদের পোশাক খাতকে জিএসপি সুবিধা দেবে? আসলে এখানে শ্রমিকদের স্বার্থ নয়, রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের বিষয়টিই বেশি কাজে দিয়েছে। যুক্তরাষ্ট্র হয়তো এর মাধ্যমে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করবে।
মার্কিনীদের এ অন্যায় সিদ্ধান্ত যদি কেউ অনুসরণ না করেন, তবে আমরা ক্ষতিগ্রস্ত হব
না। আশা করি, এটা অন্য কেউ করবেন না। জিএসপি বহাল রাখার জন্য যেসব শর্তের কথা বলা হয়েছে (ওয়েজ বোর্ড, শ্রম আইন সংশোধন, অগ্নিনিরাপত্তা ইত্যাদি) তা সবই আমরা পরিপালনের চেষ্টা করছি। অনেকগুলো বাস্তবায়নের পথেই আছি। বিদেশি ক্রেতারাও আমাদের কাজে সন্তুষ্ট। ফলে যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্তে আমরা হতবাক।
মোহাম্মদ হাতেম: জ্যেষ্ঠ সহসভাপতি, বাংলাদেশ নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ)